Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ধর্না

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ধর্না
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এ যেন খানিকটা নব্বইয়ের দশকের সিনেমার গল্প। প্রেমিকার পরিবার বাধা দিচ্ছে বিয়েতে! তবে সিনেমার মতো নায়িকার রাগি বাবার নাকের ডগা দিয়ে তাঁকে নিয়ে পালাননি প্রেমিক। বরং যেন বেছে নিয়েছেন গান্ধীগিরি। বিয়ের দাবিতে সোজা প্রেমিকার বাড়ির সামনে ধর্না দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ডাবগ্রাম পলিটেকনিকের কাছে। সেখানেই প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেন এক যুবক। তার বাড়ি কিছুটা দূরে মধ্য শান্তিনগরে। রীতিমতো প্ল্যাকার্ড হাতে নিয়ে তিনি দীর্ঘক্ষণ বসে থাকেন। পরে পুলিস এসে তাঁকে বুঝিয়ে সেখান থেকে তুলে দেয়। 
Advertisement
যুবকের দাবি, চার বছর ধরে ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক। কিন্তু এখন সেই সম্পর্ক মেনে নিতে চাইছেন না তরুণী এবং তাঁর পরিবারের সদস্যরা। তরুণীর মোবাইল ফোনও বন্ধ। বাধ্য হয়ে এদিন ওঁর বাড়ির সামনেই ধর্নায় বসি। এদিন সকালে প্রেমিকার বাড়ির সামনে তাঁদের একসঙ্গে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি ও সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া ছবি প্রিন্ট করে প্ল্যাকার্ড বানিয়ে তরুণীর বাড়ির সামনের রাস্তায় ধর্নায় বসেন যুবক। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলীরা আসতে শুরু করেন। খবর পেয়ে চলে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। পুলিস কর্মীরা নানাভাবে বোঝালেও যুবক সিদ্ধান্তে অনড় থাকেন। প্রেমিকা সামনে এলেই ধর্না ওঠাবেন বলে দাবি করেন। যদিও পুলিস কর্মীরা নানাভাবে যুবককে বুঝিয়ে ঘণ্টা খানেক পর ধর্না তুলে দেন। 
ওই যুবক বলেন, চার বছর ধরে সম্পর্ক। অনেকভাবে ওঁকে সাহায্য করি। কী এমন হল যে এখন সম্পর্ক ছিন্ন করবে? এটাই জানতে চাই। প্রেমিকার পরিবার সম্পর্ক মেনে নিতে চাইছে না। ওঁকে আটকে রেখেছে। অন্যদিকে, তরুণীর পরিবারের সদস্যরা বলেন, ওদের দু’জনের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে ওঁকে বিয়ে করতে নারাজ মেয়ে। ছেলেটি একাধিকবার মেয়েকে মানসিকভাবে হেনস্তা করেছে। এদিন ছেলেটি আমাদের সম্মানহানি করল। থানায় অভিযোগ জানানো হবে। 
এ প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের শিলিগুড়ি থানার এক অফিসার জানান, দু’পক্ষের কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ