সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়া থানা এলাকায় বাড়ির বাইরে থেকে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বাইকের মালিক লালন লায়েক মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, কয়েকদিন আগে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকেও বাইক চুরি গিয়েছিল। পুলিস এখনও সেই বাইক উদ্ধার করতে পারেনি।
Advertisement
অভিযোগকারী লালন লায়েক বলেন, গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় হ্যান্ডেল লক করে বাইকটি বাড়ির বাইরে রাখা ছিল। ২০ মিনিট পর বাড়ি থেকে বেরিয়ে দেখি, বাইকটি নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও বাইকটি না পেয়ে থানায় অভিযোগ জানিয়েছি। বিদ্যুৎ চুরি, কাশীপুর ও নিতুড়িয়ায় ৫ জনের বিরুদ্ধে এফআইআর: অবৈধভাবে বিদ্যুৎ চুরির অভিযোগে মঙ্গলবার কাশীপুর ও নিতুড়িয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিদ্যুৎদপ্তর সূত্রে জানা গিয়েছে, নিতুড়িয়া থানায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে ধরা হয়। তাদের মধ্যে শালতোড় গ্রামের তিনজন এবং নবগ্রামের একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। এছাড়া কাশীপুরের লাড়া গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ চুরির অভিযোগ হয়েছে। বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক বলেন, অভিযুক্তদের মোটা টাকা জরিমানা করা হবে। জরিমানার টাকা দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



