নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ঘন ঘন বাপেরবাড়ি যাওয়ার ‘বায়না’ করত স্ত্রী। স্বামী ‘বাধা’ দেওয়ায় ‘অভিমানে’ এক মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মৃতার নাম জুনিতা সাউ (৩৫)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা থানার গ্রাসমোড় চা বাগান এলাকায়। মহিলার স্বামী শিবচরণ সাউ চা বাগানের শ্রমিক। ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। দুই ছেলেকে নিয়ে টিভি দেখছিলেন। সেই ফাঁকে চা বাগানে ব্যবহার করা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জুনিতা। পরে অন্য ঘর থেকে তাঁর গোঙানির আওয়াজ পেয়ে ঘটনাটি টের পান শিবচরণ। তড়িঘড়ি স্ত্রীকে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে রেফার করে দেওয়া হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে মৃত্যু হয় ওই মহিলার। বুধবার জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে নাগরাকাটা থানার পুলিস।
Advertisement
বুধবার স্ত্রীর দেহ নিতে মর্গে এসেছিলেন শিবচরণ। তিনি বলেন, আমার শ্বশুরবাড়ি দলসিংপাড়ায়। মাঝেমধ্যেই সেখানে যেতে চাইত স্ত্রী। মাস খানেক আগে একবার বাধা দিয়েছিলাম। বলেছিলাম, এত ঘন ঘন বাপেরবাড়ি যাওয়ার কী আছে। তা নিয়ে সেসময় একটু ঝামেলা হয়েছিল। তারপর আর এ বিষয়ে কোনও কথা হয়নি। কিন্তু তারজন্য এতদিন পর স্ত্রী আত্মহত্যা করবে এটা মানতে পারছি না।



