Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেপরোয়া গাড়ি চালকদের ‘শায়েস্তা’, ৩ দিনে পৌনে দু’লক্ষ টাকা জরিমানা

বেপরোয়া গাড়ি চালকদের ‘শায়েস্তা’, ৩ দিনে পৌনে দু’লক্ষ টাকা জরিমানা
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: কাশীপুরে বেপরোয়া বাইক ও গাড়ি চালকদের ‘শায়েস্তা’ করতে অভিযান চালাল পুলিস। রবিবার থেকে কাশীপুর বাজারের চৌ-রাস্তার মোড়ে বিশেষ নাকা চেকিং শুরু হয়েছে। জোরে গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা, লাইসেন্স না থাকা, গাড়ির বিমা ফেল থাকলেই করা হচ্ছে মোটা টাকা জরিমানা। তিন দিনে ২০৩টি গাড়িকে জরিমানা করা হয়েছে। তিন দিনে মোট ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়েছে বলে পুলিস জানিয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দিনের পর দিন পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। তা রুখতে প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জরিমানার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। তারপরেও কিছু ব্যক্তি হেলমেট ও সিটবেল্ট ছাড়াই নেশা করে গাড়ি চালাচ্ছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে কাশীপুর থানা বিশেষ নাকা চেকিং শুরু করেছে। প্রতিদিন সন্ধ্যা হলেই শুরু হচ্ছে চেকিং। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, তিনদিনের নাকা চেকিংয়ে বেপরোয়া বাইক ও গাড়ি চালকদের ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। পুলিসের তরফে জানানো হয়েছে, আগে ট্রাফিক আইন ভাঙলে ১০০ টাকা জরিমানা করা হতো। এখন ওই খাতে জরিমানা বেড়ে হয়েছে এক হাজার টাকা। এছাড়া তীব্র গতিতে গাড়ি চালানো, ‘থার্ড পার্টি’ বিমা করা নেই এমন গাড়ির মালিকদের জরিমানা করা হয়েছে।
পুলিস জানিয়েছে, রবিবার ৪৪টি গাড়ি থেকে ৪৩ হাজার টাকা জরিমানা, সোমবার ৯৮টি গাড়ি থেকে ৮৩ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। মঙ্গলবার রাতে ৬১টি গাড়ি থেকে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়েছে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, সচেতন করার পরেও অনেকের হুঁশ ফিরছে না। তাই আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ