Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেপরোয়া বাইক, সাইলেন্সারের শব্দে অতিষ্ঠ সিউড়ি শহরবাসী

বেপরোয়া বাইক, সাইলেন্সারের শব্দে অতিষ্ঠ সিউড়ি শহরবাসী
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জেলার সদর শহর সিউড়িতে বাইকবাজদের দৌরাত্ম্য লাগামছাড়া হয়ে যাচ্ছে। অতিষ্ঠ শহরের বাসিন্দারা। বিকেল হলেই বাইকবাজরা সাইলেন্সার বদলে বিকট শব্দে রাস্তা দিয়ে দ্রুতগতিতে পেরিয়ে যাচ্ছে। তাতে কান পাতা দায় হচ্ছে প্রত্যেকের। এনিয়ে পুলিস কার্যত নির্বিকার। কোনও কড়া পদক্ষেপ না নেওয়ায় শহরের মানুষের ক্ষোভ বাড়ছে।
Advertisement
সন্ধ্যা নামলেই পথচারীদের বাঁচা, মরার প্রশ্ন উঠে যাচ্ছে। শহরের হাটজনবাজার থেকে এসপি মোড়, একেরপল্লি মোড় থেকে রবীন্দ্রপল্লির রাস্তা, তিলপাড়া ড্যাম থেকে তসরকাটা যাওয়ার রাস্তা সবদিকেই সন্ধ্যা নামলেই একই চিত্র। রাস্তায় তীব্র গতিতে বাইক চলছে। অনেক বাইকেরই আবার নম্বরপ্লেট নেই। বাইকের বিকট শব্দে বিরক্ত বাসিন্দারা। কারণ, বেশিরভাগ যুবকই সাইলেন্সার খুলে ঩দিচ্ছে। মুহূর্তের মধ্যেই তীব্র গতিতে পেরিয়ে যাওয়ার সময় কান বন্ধ করতে হচ্ছে। বাইকটি পেরিয়ে যাওয়ার পরও গোটা এলাকায় থেকে যায় সেই কর্কশ শব্দ। এনিয়ে শহরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হচ্ছেন। মাঝেমধ্যে অভিযান চালিয়ে হেলমেট না পরার জন্য এক হাজার টাকা জরিমানা করা হলেও বাইকবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে প্রশ্ন তুলেছেন অনেকে। 
স্থানীয় যুবক প্রীতম দে বলেন, শহরে বাইক নিয়ে দাপাদাপি অনেক বেড়েছে। ফুটপাত তো এমনিতেই নেই। রাস্তা দিয়ে হেঁটে কিংবা বাইক নিয়ে পেরিয়ে গেলে চিন্তা হয়। হঠাৎ করে এত গতিতে বাইকবাজরা এসে পড়ে যে চমকে উঠি। বাচ্চা, বয়স্ক প্রত্যেকেই রাস্তায় বেরতে ভয় পাচ্ছেন। পুলিস এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। তবে মনে হচ্ছে দুর্ঘটনা না ঘটা পর্যন্ত বড়সড় কোনও ব্যবস্থা নেওয়া হবে না। কয়েকটি মোড়ে সন্ধ্যার পর পুলিস দাঁড়িয়ে থাকলেই এদের বাইকের গতি কমে যাবে বলে বিশ্বাস রাখি। শহরের আর এক বাসিন্দা সন্দীপ দাস বলেন, অনেকেই এনিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। যেসব বাইকের সাইলেন্সার বদলানো হচ্ছে সেগুলির বিরুদ্ধেও তো পুলিস ব্যবস্থা নিতে পারে। ১৮বছর হয়নি এমন নাবালকরাও বাইক নিয়ে দাপাদাপি শুরু করে দিয়েছে। 
ডিএসপি(ট্রাফিক) কুণাল মুখোপাধ্যায় বলেন, ট্রাফিক আইন ভাঙলেই জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুর্গাপুজোর সময় প্রচুর এমন অভিযুক্তদের জরিমানা করা হয়েছে। সাইলেন্সর খোলা বাইক চালানোর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ