ঢাকা, ৩০ ডিসেম্বর: বিপিএলের টিকিট নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের দর্শকদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছিল। তবে বাংলাদেশে ক্রিকেট বোর্ড বা বিসিবি গতকাল দুপুর পর্যন্ত খেলার টিকিট সংক্রান্ত কোনও ঘোষণাই করেনি। মূলত টিকিট কোথায় কোথায় মিলবে, দাম কত হবে এসব কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। বিষয়টিতে বিসিবির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে মিরপুরের রাস্তায় প্রচুর দর্শক মিছিলও করেন। এরপর আজ, সোমবার উদ্বোধনী ম্যাচের আগেই ক্ষুব্ধ দর্শকরা মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর করে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় স্টেডিয়ামে ২ নম্বর গেটও। অভিযোগ, খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজের গাড়িও আটকে দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, বিসিবি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকালই টিকিট বিক্রির ঘোষণা করেছে তারা। জানানো হয়েছিল, স্টেডিয়ামের কোনও বুথ থেকে টিকিট বিক্রি করা হবে না। তা মিলবে অনলাইনে এবং একটি ব্যাঙ্কের নির্ধারিত কিছু শাখা থেকে। অভিযোগ, এই ব্যাঙ্কের কিছু শাখায় টিকিট না পেয়েই কার্যত ক্ষেপে ওঠেন দর্শকরা। এরপরই তারা স্টেডিয়ামে ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিসকে লাঠিচার্জও করতে হয়। একটি ক্রিকেট দলের বাসকে ২ নম্বর গেটের বদলে স্টেডিয়ামে ঢোকানো হয় ৪ নম্বর গেট দিয়ে। জানা গিয়েছে, বিপিএল-এ আজ দুপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী এবং বরিশাল। এছাড়া সন্ধ্যার ম্যাচে রংপুরের মুখোমুখি হবে ঢাকা।



