নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগস্ট মাসেই ভারতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন সম্ভাবনা দেখা দিয়েছিল। এমনকি জানা যাচ্ছিল, ২৩ থেকে ২৫ আগস্ট চলবে তাঁর ভারত সফর। কিন্তু নজিরবিহীন অনিশ্চয়তা, গোপনীয়তা এবং সংশয় তৈরি হয়েছে তারেক রহমানকে নিয়ে। রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ এবং তারপরই কিছু সময়ের মধ্যে সেই বিজ্ঞপ্তিকে প্রত্যাহার করে নেওয়ায় এই সংশয় ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। তারেক রহমানের সফর নিয়ে দিল্লি ও ঢাকা কোনো পক্ষই স্পষ্ট করে কিছু মন্তব্য করছে না। গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দফায় দফায় বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করছেন। বিদেশ মন্ত্রকের আধিকারিক ও মন্ত্রীর সঙ্গেও দেখা করছেন। তিনি শুক্রবারও বলেছেন, ভারত অপেক্ষা করছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য। দিল্লিতে শুক্রবারই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমার কাছে এই মুহূর্তে কোনো আপডেট নেই। কোনো সংবাদ থাকলে জানিয়ে দেব।



