দূষণ আমাদের চারপাশে। অনেকক্ষেত্রেই আমরা অসহায়। কিছুই করার থাকে না! তবে চাইলে আবার অনেক কিছু থেকে সুরক্ষিতও থাকতে পারি। যেমন ধূমপানকে জীবন থেকে ছেঁটে ফেলতে পারি চিরদিনের জন্য। ১২ মার্চ, ‘নো স্মোকিং ডে’-তে সেই বার্তাই দিল দক্ষিণ কলকাতার বি পি পোদ্দার হাসপাতাল।
হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা আমাদের হাতে নেই। কিন্তু ধূমপানকে আমরা চিরতরে বাদ দিতে পারি নিজেদের জীবন থেকে। ধূমপায়ীদের ক্ষেত্রে সিওপিডি, ব্রঙ্কাইটিস, এমফাইসিমার মতো অসুখের ঝুঁকি অনেক বেশি। এমনকী, গবেষণায় প্রমাণিত, লাং ক্যান্সার হেড অ্যান্ড নেক ক্যান্সারের প্রধান কারণ অত্যধিক ধূমপানই। তাই সুস্থ থাকতে ধূমপান ছাড়ুন।’ মূলত জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত হেলথ চেক-আপের গুরুত্ব বোঝানোর জন্যই এমন অনুষ্ঠানের আয়োজন।