নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার বলেছেন, নারীদের নিরাপত্তায় কোনো ‘আপোস’ নয়। তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তার জন্য মেয়েদের উপর কোনো বিধিনিষেধ আরোপ করা উচিত নয়। এছাড়াও পুরুষদের শেখা উচিত, নারীদের কীভাবে সম্মান দিতে হয়। মুখ্যমন্ত্রী রেখা প্রশ্ন তোলেন, সব নিয়ম শুধু মেয়েদের জন্য কেন? কেন এত বিধিনিষেধ? পুরুষদেরও বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল এবং তাদের বুঝতে হবে যে,‘নো মিনস নো’।
রেখা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম বলেছিলেন, আপনারা মেয়েদের জ্ঞান দিতে থাকুন, কিন্তু ছেলেদের সাথে কবে কথা বলবেন? ছেলেদের কবে পরামর্শ দেবেন?’ এছাড়াও মহিলাদের তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আমি আমার মেয়েদের বলতে চাই, আমাদের শহরে ভয় এবং আতঙ্কের কোনো স্থান নেই। আমি তোমাদের পাশে আছি।’
এছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয়ের মৈত্রেয়ী কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেখা বলেছেন, ‘দিল্লিতে আমরা প্রায়শই এমন কিছু ঘটনা শুনি যা মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে।’ এরপরে তিনি বলেন, শহরকে নিরাপদ রাখতে পুলিশকে অবশ্যই তাদের কর্তব্য পালন করতে হবে এবং কোনো এলাকায় যেন নিরাপত্তায় কোনো ঘাটতি না থাকে। দিল্লিতে মহিলাদের সুরক্ষার বিষয়ে কোনো আপোস করা হবে না, বলেই জানান রেখা গুপ্তা।