সংবাদদাতা, চোপড়া: প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বটলিফ চা কারখানা। কিন্তু কারখানা খুললেও স্বস্তি নেই ক্ষুদ্র চা চাষিদের। উল্টে কাঁচা চা পাতার দাম আচমকা কেজি প্রতি প্রায় ১০ টাকা কমে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন চোপড়ার চা চাষিরা। তাঁদের অভিযোগ, পরিকল্পিত ভাবে কারখানা বন্ধ রেখে বাজারে কাঁচা পাতার দাম কমিয়ে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ একাংশ কারখানা মালিক। জানা গিয়েছে, চা পাতায় কীটনাশকের অবশিষ্টাংশের মাত্রা সংক্রান্ত কড়াকড়ির জেরে নর্থবেঙ্গল টি প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে গত ২৭জুলাই থেকে অনুমোদিত পরীক্ষাগারের রিপোর্ট ছাড়া বটলিফ কারখানাগুলি কাঁচা চা পাতা কেনা সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফলে বিপাকে পড়েন হাজার হাজার ক্ষুদ্র চা চাষি। অবশেষে গত ৩ আগস্ট থেকে ফের কাঁচা চা পাতা কেনা শুরু হয়েছে। তবে কারখানা খুললেও দাম নিয়ে দেখা দিয়েছে নতুন সমস্যা। চাষিদের দাবি, ২৬ জুলাই পর্যন্ত কাঁচা চা পাতার দাম ছিল কেজিপ্রতি ২৪-২৫ টাকা। বর্তমানে সেই দাম নেমে এসেছে প্রায় ১৫ টাকায়। এর ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চোপড়া ব্লকের প্রায় ২০ হাজার ক্ষুদ্র চা চাষি।



