সংবাদদাতা, কান্দি: রোড-শোয়ে শ’দুয়েক কর্মী। রাস্তার দু’পাশ ফাঁকা। সোমবার দুপুরে বড়ঞায় বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার রোড-শোতে এমনই ছবি উঠে এল। সংগঠনের এমন হাল দেখে কার্যত অস্বস্তিতে পড়েন জেপি নাড্ডা। হাত নাড়িয়ে মিছিল দ্রুত এগিয়ে যাওয়ার নির্দেশ দিতেও দেখা যায় তাঁকে। এদিকে, হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির প্রায় দু’ঘণ্টা আটকে যান ওই বিজেপি নেতা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ জেপি নাড্ডার রোড-শো শুরুর কথা ছিল। কিন্তু বড়ঞা কিষান মান্ডি এলাকায় নাড্ডার হেলিকপ্টার এসে পৌঁছয় বেলা ১২টায়। পরে সেখান থেকে গাড়ি করে তিনি পৌঁছন পাঁচথুপী গ্রামের নেতাজি মোড়ে। সেখানে একটি অস্থায়ী মঞ্চে ওঠেন। সেখান থেকে কর্মীদের দিকে হাত নাড়ান। এরপর বড়ঞার দলীয় প্রার্থী সুখেনকুমার বাগদিকে নিয়ে হুডখোলা গাড়িতে উঠে পড়েন জেপি নাড্ডা।
স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের দাবি, হুডখোলা গাড়িতে উঠেই মিছিলের আকার দেখে নাড্ডা সাহেব বিরক্ত হন। নেতাজি মোড়ে রোড-শোয়ের জন্য মাত্র শ’দুয়েক কর্মী দেখেই তিনি প্রার্থীকে কিছু একটা বলেন। এরপর গাড়ি চলতে শুরু করলে গোটা রাস্তা কার্যত ফাঁকা হয়ে যায়। প্রায় ১ কিলোমিটার ধরে রোড-শো করা হলেও রাস্তার পাশে কোথাও সাধারণ মানুষের ভিড় একেবারেই ছিল না। তবে, কেউ একতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন, কেউবা নিজের দোকান ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়েছেন। তাঁদের দিকেই হাত নাড়েন নাড্ডা সাহেব।
এদিকে মিছিলের সামনে রয়েছেন প্রায় ২০০জন দলীয় কর্মী। তাঁর মধ্যে আবার বাজনার দলের লোক, আদিবাসী মহিলাদের নৃত্যের দলও রয়েছে। এর ফলে মিছিল শুরুর প্রায় ১৫০ মিটার পরেই নাড্ডা সাহেব বিরক্ত হয়ে হাত নাড়িয়ে দ্রুত এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। প্রায় ৪০ মিনিটের মধ্যে রোড-শো শেষ করে ফের হেলিপ্যাডে পৌঁছন তিনি। কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় স্থানীয় ডাকবাংলা দলীয় কার্যালয়ে তাঁকে আশ্রয় নিতে হয়। এখানেই প্রায় দু’ঘণ্টা সময় কাটান তিনি।
এই সময়ে জেপি নাড্ডাকে অনুরোধ করা হলেও তিনি সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি। তবে, বিশেষ সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারে যান্ত্রিক বিভ্রাটের কারণে পরের সভায় যেতে পারেননি তিনি। এদিন বিজেপির রোড-শো প্রসঙ্গে বড়ঞা ব্লক তৃণমূল দক্ষিণের সভাপতি মাহে আলম বলেন, এসআইআর নিয়ে বড়ঞার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। যে কারণে নাড্ডা সাহেবের ফ্লপ-শো দেখলেন বড়ঞার মানুষ। যদিও বড়ঞার তৃণমূল প্রার্থী বলেন, ভোটের ফল প্রকাশ হলে দেখা যাবে মানুষ কাকে চেয়েছিলেন।
পাঁচথুপি গ্রামে জে পি নাড্ডার রোড-শো। -নিজস্ব চিত্র