Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ডার্বি জিতে লিগ পেতে মরিয়া দুই প্রধানই

অনেক বছর পর দেশের সেরা লিগ পাওয়ার দৌড়ে কলকাতার দুই প্রধান। রবিবার যুবভারতীতে ডার্বি জিতলেই খেতাবের কাছে পৌঁছে যাবে যে কোনো একটি দল।

আজ ডার্বি জিতে লিগ পেতে মরিয়া দুই প্রধানই
  • ১৭ মে, ২০২৬ ০৯:৫০
Prefer us on Google

সোমনাথ বসু, কলকাতা: অনেক বছর পর দেশের সেরা লিগ পাওয়ার দৌড়ে কলকাতার দুই প্রধান। রবিবার যুবভারতীতে ডার্বি জিতলেই খেতাবের কাছে পৌঁছে যাবে যে কোনো একটি দল। তাই ভারতীয় ফুটবলের ভরকেন্দ্রে এখন মোহন বাগান ও ইস্ট বেঙ্গলই। আগামী মরশুমে দুই বড়ো ক্লাবের কাছেই কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। ইস্ট বেঙ্গলের ইনভেস্টর ইতিমধ্যেই না থাকার কথা জানিয়ে দিয়েছে। এছাড়া এআইএফএফের কমার্শিয়াল পার্টনার জিনিয়াস স্পোর্টসের ব্যাখ্যা ঠিক মনে না হলে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সঞ্জীব গোয়েঙ্কারও। তারপর কী? উত্তর অজানার গর্ভে। তবে দুই প্রধানই চাইবে, মরশুমের সেরা পারফরম্যান্স মেলে ধরে লিগ জয়ের পথে আরও এক কদম এগিয়ে যেতে। বাংলার ফুটবলের জন্য এটাই কাঙ্ক্ষিত। প্রত্যাশিতও বটে। সেক্ষেত্রে কি আগামী মরশুমে মোহন-ইস্টের হাত ধরতে এগিয়ে আসবে একাধিক লগ্নিকারী সংস্থা? 

Advertisement

আইএসএল পয়েন্ট টেবিল অনুযায়ী, মোহন বাগানের থেকে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে ইস্ট বেঙ্গল। ১১ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ২২। তবে গোল পার্থক্যে এগিয়ে অস্কার ব্রুজোঁর দল। রবিবারের ডার্বি ড্র হলেও তাই তিনি খুশি হতে পারেন। কিন্তু স্প্যানিশ কোচ বুক বাঁধছেন জয়ের জন্যই। মিগুয়েল, বিপিন ও বিষ্ণুর বোঝাপড়াই তাঁর সম্পদ। ব্রাজিলিয়ান মিডিওর ডিফেন্সিভ কোয়ালিটি নেই। কিন্তু তাঁর রক্ষণচেরা পাস বড় ম্যাচের ভাগ্য গড়ে দিতেই পারে। গোলের মধ্যে রয়েছেন স্ট্রাইকার ইউসেফ এজ্জেজারিও। রক্ষণে ভরসা দেওয়ার জন্য তৈরি আনোয়ার ও সিবলে। দুই উইং ব্যাক রাকিপ ও জয় গুপ্তা চাপমুক্ত পারফরম্যান্স মেলে ধরলে অস্কারের চিন্তা কমতে বাধ্য। তবে অজানা চোটের জন্য সাউল ক্রেসপো এবং কার্ড সমস্যায় শৌভিক না থাকা অবশ্যই ফ্যাক্টর হতে পারে। অন্যদিকে, এবার বড়ই ব্যক্তিগত নৈপুণ্যের উপর নির্ভরশীল মোহন বাগান। তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো কিংবা কামিংসের উপর ম্যাচের ভাগ্য ঝুলছে। তবে আপুইয়া ফিট হয়ে ওঠায় কোচ লোবেরার চিন্তা অনেকটাই কমেছে। কিন্তু গোলের জন্য সেট পিস মুভমেন্টে প্রচুর উন্নতি করতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। আর ম্যাকলারেনকে নিষ্প্রভ রাখতে পারলেই খেতাবের দিকে এগিয়ে যাবে মশাল ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ