আজ নৈহাটিতে বড়মার নিরঞ্জন, বাড়ানো হল স্বেচ্ছাসেবকের সংখ্যা
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, বৃহস্পতিবার রাজবেশে বিসর্জন হবে বড়মার। এই বিসর্জন পর্বে স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়িয়ে মোট ৩০০ জন করা হয়েছে। তবে অরবিন্দ রোডের ধারে বাড়ির ছাদ, ব্যালকনি থেকে বড়মার উদ্দেশে ফুল ও বাতাসা না ছোড়ার আরজি জানিয়েছে পুলিশ। বিসর্জনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তটস্থ পুলিশ প্রশাসন। বিকালে বিসর্জন হলেও বেলা ১২টার পর থেকে কার্যত নিয়ন্ত্রিত হবে আর বি সি রোডে যান চলাচল। 

Advertisement

২০২৩ সালে বড়মা’র বিসর্জনের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বিসর্জনকে ঘিরে সতর্ক পুলিশ। সকাল ১০টার পর বড়মা’র শরীরে থাকা সোনা, রুপো ও হীরের গয়না খোলা শুরু হবে। এরপর ফুল দিয়ে রাজবেশ পরানো হবে মাকে। বিকাল ৪টে নাগাদ স্বেচ্ছাসেবকরা মাকে নিয়ে গঙ্গার উদ্দেশ্যে নিয়ে যাবেন। এই শোভাযাত্রা দেখতে অরবিন্দ রোডের দু’ধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে থাকেন। বাড়ির ছাদ ও ব্যালকনি থেকে মায়ের উদ্দেশে ফুল এবং বাতাসা ছোড়া হয়। এবার ফুল ও বাতাসা ছুড়তে নিষেধ করা হয়েছে। এই বিসর্জনের জন্য আজ, নৈহাটি-চুঁচুড়া ফেরি সার্ভিস বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে।
বুধবারও বড়মাকে দর্শনের জন্য ঢল নামে মানুষের। বড়মা’র বিসর্জনের পর নৈহাটির অন্যান্য কালীপ্রতিমা গঙ্গায় বিসর্জন করা হবে। নৈহাটি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিসর্জনের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। দূর থেকে বিসর্জন দেখার জন্য এলইডি টিভির লাগানো হয়েছে। সেখানে ভক্তরা সরাসরি বিসর্জন পর্ব দেখতে পাবেন।