Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / সম্পাদকীয়

একঘেয়ে চিত্রনাট্য

মহারাষ্ট্রে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত। লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন। বিস্তারিত জানুন।

একঘেয়ে চিত্রনাট্য
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাধারণ পরিবারের একজন যুবর সারা জীবনের চাহিদা হল একটি উপযুক্ত চাকরি। বেশি মেধাবীদের স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যকোনো পেশাজীবী হওয়ার। তার জন্য তাঁরা বছরের পর বছর কঠিন পরিশ্রম করেন। পড়াশোনার পাশাপাশি মোটা টাকা খরচ করে প্রশিক্ষণও নেন অনেকে। মা-বাবার কত না রাতের ঘুম ছুটে যায়। তবে সবটা সার্থক হয়, তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি স্বচ্ছতা, নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন হলে। কিন্তু ইদানীং এসব পরীক্ষা মানেই সিঁদুরে মেঘের ঘনঘটা। শনিবারও ঘটল তাই। রবিবার মহারাষ্ট্রে শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা (টেট) ২০২৬ গ্রহণের কথা ছিল। কিন্তু তার মাত্র ঘণ্টাকয়েক আগে সামনে এল প্রশ্নপত্র ফাঁসের কাহিনি। অতএব পরীক্ষার আগের রাতে খবর এল, পরীক্ষাই হচ্ছে না। এই যন্ত্রণা দূর করার মলম কী? নিট বিতর্কের রেশ কাটার আগেই ফের অন্য-এক প্রশ্নপত্র ফাঁসের দুঃসংবাদ। মধ্যপ্রদেশের ‘ব্যাপম’ কাহিনি প্রাচীন হলেও তার দুর্গন্ধ এখনো পাওয়া যায় একটু সচেতন হয়ে শ্বাস নিলেই। অতঃপর শুধু নিট বা কুয়েট নয়, মোদি জমানায় বিজেপি-শাসিত আরো একাধিক রাজ্যে একাধিক পরীক্ষা কেলেঙ্কারি সামনে এসেছে। কোথাও চাকরি প্রার্থী, কোথাও-বা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলেছে। রাজ্যভিত্তিক কেলেঙ্কারিতে জড়িয়েছে বিহার ও উত্তরপ্রদেশের নাম। ভবিষ্যৎ নষ্ট হয়েছে পুলিশ এবং শিক্ষকের চাকরি প্রত্যাশীদের। সংখ্যাটি লক্ষ লক্ষ! 

Advertisement

স্বভাবতই তীব্র বিতর্ক জমে উঠেছে মহারাষ্ট্রে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে। শনিবার ভোরে ভিওয়ান্ডি পুলিশ হানা দিল এক জায়গায়। সেখানে কয়েকজনের কাছে মিলল রবিবার অনুষ্ঠেয় প্রশ্নপত্র সংক্রান্ত কাগজপত্র। তৎক্ষণাৎ মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এগজামিনেশনের অফিসারদের তলব করল পুলিশ। আসল প্রশ্নপত্র পাশে রেখে তারা অবাক—বহু প্রশ্নের সঙ্গে মিল হুবহু! আর সামান্য সন্দেহের অবকাশ রইল না, ফাঁসের বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই ঘটনায় শনিবারই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন বিহারের ‘সুপুত্র’ এবং এক ‘কীর্তিমান’ হরিয়ানার। তবে এরাই সব নয়, এই চক্রের বহর আরো বড়ো, এর পিছনে রয়েছে আরো কিছু ধুরন্ধর অর্থলোভী লোকজন। তাদের নাগাল পেতে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে, এই পরিস্থিতিতে টেট পরীক্ষা গ্রহণ প্রহসন অবশ্যই, অতএব সেটি স্থগিত ঘোষিত হয়েছে অনির্দিষ্টকালের জন্য। মহারাষ্ট্রের এই কাণ্ডকে বিচ্ছিন্নমাত্র মেনে নেওয়ার সুযোগ নেই। দেড় মাস আগে জাতীয় ক্ষেত্রে সংঘটিত নিট বিপর্যয়ের সঙ্গে মহারাষ্ট্র টেট কেলেঙ্কারির নিবিড় সম্পর্কের দিকটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ৩ মে দেশজুড়ে নিট-ইউজিতে বসেন ২২ লক্ষাধিক ছাত্রছাত্রী। নয়দিন পরে পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষাটি ‘বাতিল’ ঘোষণা করে দিল। তা না করে উপায়ও ছিল না—প্রশ্নপত্র বাজারে বেরিয়ে গিয়েছিল আগেই! অর্থাৎ লক্ষ লক্ষ মেধাবী তরুণ-তরুণীর ডাক্তার হওয়ার স্বপ্ন চুরমার হল মোদি জমানার সৌজন্যে। এত বড়ো আঘাত সইতে পারা সহজ নয়। পারেওনি সকলে। এই নিবন্ধ রচনা পর্যন্ত অন্তত ১৯ জন পরীক্ষার্থীর আত্মহত্যার মর্মান্তিক সংবাদ সামনে এসেছে! পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছে রসায়নের এক অধ্যাপককে। বিজ্ঞানের এক অধ্যাপিকার নামও জড়িয়ে গিয়েছে এই কেলেঙ্কারিতে। সিবিআই তদন্তে প্রকাশ, বিশেষ ক্লাসে পরীক্ষার আগেই নির্দিষ্ট প্রশ্নের উত্তর তৈরি করে দেওয়া হত।  অতঃপর সেই নোটই ছড়িয়ে পড়ত রাজস্থান ও মহারাষ্ট্র জুড়ে। নিট পরীক্ষা ফের নেওয়া হল ২১ জুন। কিন্তু সেই পরীক্ষার স্বচ্ছতা নিয়েও সংশয় রয়ে গিয়েছে নানা মহলে। এই প্রচার ‘মিথ্যে’ দাবি করেও মানুষের আস্থা অর্জনের অনেক দূরে রয়ে গিয়েছে এনটিএ। 
কংগ্রেসের অভিযোগ, মোদি জমানায় ৯০টির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সংগত কারণেই ‘প্রশ্ন ফাঁসের সরকার’—কটাক্ষ শুনতে হচ্ছে মোদি সরকারকে। নিটের প্রশ্ন ফাঁসের কেন্দ্র ছিল মহারাষ্ট্র। নিট কেলেঙ্কারি থেকে শিক্ষা নেয়নি তারা। টেট কেলেঙ্কারি সেই সাক্ষ্যই দিচ্ছে বইকি! একঘেয়ে চিত্রনাট্যেরই পুনরাবৃত্তি দেখব আমরা—একটু হইচই, দু-চারজন চুনোপুঁটি গ্রেপ্তার, তদন্ত তদন্ত খেলা, দীর্ঘ বিচার প্রক্রিয়ার প্রহসন, নতুন ইস্যুর আবির্ভাব এবং অতিদ্রুত সব ভুলে যাওয়া। কোনো রাঘব বোয়ালের কোমরে দড়ি পড়ল কি না কিংবা শেষমেশ কারো শাস্তি হল কি হল না—এসব নিয়ে মাথা ঘামাবার কেউই থাকবে না ভবিষ্যতে। ছোটোখাটো কিছু ‘অর্জন’ হলেই কৃতিত্ব ভাগ করে নিতে নিতান্তই অপারগ যাঁরা, উপর্যুপরি কেলেঙ্কারির দায় স্বীকার করেন না তাঁরা কখনোই। কী রাজ্য কী কেন্দ্র—শিক্ষামন্ত্রীরা রাজত্ব চালিয়ে যান বহাল তবিয়তে!

Advertisement
সম্পর্কিত সংবাদ