নয়াদিল্লি: এশিয়ান গেমসে টেনিস দলের প্রতিনিধি চয়ন ঘিরে বিতর্ক তুঙ্গে। কারণ, তালিকায় নেই সেরা পাঁচ খেলোয়াড়। মোট ১২ জনের তালিকা পাঠানো হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে। সমান সংখ্যক পুরুষ ও মহিলা খেলোয়াড়ের নাম জমা পড়েছিল। কিন্তু সেই তালিকায় কাটছাঁট করে ক্রীড়ামন্ত্রক। শেষ পর্যন্ত সাতজন মনোনীত হন। তার মধ্যে মহিলা খেলোয়াড়ের সংখ্যা দুই। বাকিরা সকলেই পুরুষ। বাদ পড়েছেন দেশের অন্যতম সেরা খেলোয়াড় মানস ধামনে। নাম নেই বৈষ্ণবী ও বৈদেহীর। তাতেই ক্ষোভ বেড়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তের সমালোচনা করেছেন রোহন বোপান্না। তিনি বলেছেন, ‘পাঁচজনের নাম বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে পুরুষ ও মহিলাদের সেরা দুই খেলোয়াড়। ওরা অনেক পরিশ্রম করে এই র্যাংক অর্জন করেছে। ওদের বাদ পড়া খুবই দুর্ভাগ্যজনক।’



