নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী নির্বাচনে ১২০০ ভোটার পিছু একটি বুথ হবে। নয়া নির্দেশিকা জারি করে জেলাগুলিকে জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো কোথায় কত বুথ বাড়তে পারে তার হিসেব করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। তাতে দেখা যাচ্ছে, এই জেলায় দেড় হাজারের মতো বুথ বাড়বে। কোথাও ৩০টি আবার কোনও বিধানসভা কেন্দ্রে ৬০টির মতো বুথ বাড়বে। যদিও অতিরিক্ত বুথ নিয়ে অবশ্য একটু চিন্তায় রয়েছে প্রশাসনের কর্তারা। কারণ এখনই যা বুথ আছে, তার নিরিখে বুথ লেভেল অফিসার (বিএলও) পেতে সমস্যা হচ্ছে।
তার উপর আরও ১৫০০ বুথের বিএলও পাওয়া যাবে কি না, সেটা নিয়েই সংশয় প্রকাশ করেছেন আধিকারিকরা। বর্তমানে জেলায় সাড়ে আট হাজারের মতো বুথ আছে। দেড় হাজার বাড়তি বুথ বাড়লে সেই সংখ্যা ১০ হাজারের গিয়ে ঠেকবে। এখন একটি বুথ পিছু একজন বিএলওকে নিযুক্ত করতে হবে, তাঁদের জোগাড় করার কাজ চলছে জেলা জুড়েই। সূত্রের খবর, সোমবার পর্যন্ত ৫০০ বুথে বিএলও নিযুক্ত বাকি আছে। যদি সেই পরিমাণ অফিসার না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। এদিকে যতক্ষণ না সব বুথে বিএলও নিযুক্ত হচ্ছে ততক্ষণ স্পেশাল ইনটেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু করা যাবে না।তবে বাড়তি দেড় হাজার বুথ নিয়ে এখনই ভাবতে নারাজ আধিকারিকরা। তাঁরা বলেছেন, আগে নির্ধারিত বুথগুলির জন্য বিএলও পাওয়া যাক তারপর বাড়তি বুথগুলি নিয়ে ভাবা যাবে। সূত্রের খবর, বাড়তি বুথ নিয়ে সমস্যায় পড়তে পারে শহুরে বিধানসভা। কারণ ভোট কেন্দ্র তৈরি করতে জায়গা প্রয়োজন। সেটাই বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অস্থায়ী বুথ তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়া ছাড়া আর কোনও বিকল্প পথ থাকবে না।