ভাইফোঁটায় বইয়ের দোকানে ভিড়, উপহারে হ্যারি পটার থেকে ফেলুদা সমগ্র
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যম দুয়ারে কাটা দেওয়ার প্রাচীন প্রথা আজও অটুট, তবে সময়ের সঙ্গে সঙ্গে উপহারের সংজ্ঞায় এসেছে পরিবর্তন। রকমারি ফিউসন মিষ্টি বা গ্যাজেটসের পাশাপাশি এই ভাইফোঁটায় বহরমপুর শহরের বইয়ের দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা গেল। নতুন প্রজন্মকে বই উপহার দিয়ে জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার এই অভিনব প্রবণতা শহরের সচেতন মহলের নজর কাড়ছে। শুধু তাই নয়, এদিন বহরমপুর মহিলা থানার তরফেও শহরের এক হোমের শিশুদের ফোঁটা দেওয়ার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই, যা উৎসবের আনন্দকে  অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। 

Advertisement

ভাইফোঁটার সকাল মানেই শহরের মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন—এই চেনা ছবির পাশাপাশি এবছর বহরমপুরের খাগড়ায় বিভিন্ন বইয়ের বিপণিগুলিতেও ভিড় লক্ষ্য করা গিয়েছে। ভাই বা বোনকে কী উপহার দেওয়া যায়, এই চিন্তায় এতদিন যারা গ্যাজেটস বা প্রসাধনীর দোকানে ঘুরতেন, তাঁদেরই বড়ো একটি অংশ এদিন বেছে নেন গল্পের বই, সায়েন্স ফিকশন, কবিতার বই কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার নানা সহায়ক গ্রন্থ। কেউ কেউ আবার ছোটোদের জন্য রূপকথার গল্প, রহস্যের সমাধান, গোয়েন্দা গল্প ও কুইজের বই কিনলেন। 
শহরের এক নামী বই বিপণির বিক্রেতা নৃপেণ কুমার বিশ্বাস বলেন, এবছর একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করছি। বিশেষ করে এবছর ভাইফোঁটায় তরুণ-তরুণীদের ভিড় বইয়ের দোকানে একটু বেশিই ছিল। কেউ ছোটো ভাইয়ের জন্য রূপকথার বই কিনেছেন তো কেউ আবার দিদির জন্য পছন্দের উপন্যাস। মিষ্টির পাশাপাশি বই উপহার দেওয়ার এই ট্রেন্ড আমাদের ব্যবসার দিক থেকেও খুব আশাব্যাঞ্জক।
বহরমপুরের সতী মায়ের গলিতে বই কিনতে আসা কলেজছাত্রী অন্বেষা রায় বললেন, মিষ্টি বা অন্য জিনিস তো ক’দিন বাদেই শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু একটা ভালো বই সারা জীবন মানুষের বন্ধু হয়ে থাকতে পারে। তাই এবছর ফোঁটার উপঢৌকন হিসেবে ভাইকে একটা বিখ্যাত অ্যাডভেঞ্চার উপন্যাস দিয়েছি। ওকে বইমুখী করার এটা আমার একটা চেষ্টা।
অন্যদিকে, দিদির হাত থেকে বই উপহার পাওয়া খাগড়ার বাসিন্দা সপ্তর্ষি মণ্ডলের কথায়, মোবাইল ও অন্যন্য গ্যাজেটের স্ক্রিন টাইম কমিয়ে একটু বই পড়ার অভ্যাস করতে দিদি অনেক দিন ধরেই বলছিল। আজকের দিনে দিদির দেওয়া ফেলুদা সমগ্রটা আমার কাছে  সেরা।
উৎসবের এই আনন্দকে সমাজের পিছিয়ে থাকা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এদিন এক মানবিক উদ্যোগ নেয় বহরমপুর মহিলা থানা। শহরের সরকারি কাজী  নজরুল ইসলাম হোমে গিয়ে সেখানকার শিশুদের ফোঁটা দেন মহিলা থানার পুলিশকর্মীরা। শুধু তাই নয়, ভাইফোঁটার এই বিশেষ দিনে ওই কচিকাঁচাদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
বহরমপুর মহিলা থানার ওসি সোমা বলের মতে, ভাইফোঁটা মানে শুধু রক্ত সম্পর্কের ভাই-বোনের উৎসব নয়, সমাজের প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানো আমাদের সবার দায়িত্ব। হোমের এই শিশুদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। এদের হাতে শুধু মিষ্টি বা খেলনা নয়, কিছু  ভালো বই তুলে দিয়েছি। এদিন প্রায় ৫০ জন হোমের আবাসিক শিশুদের ফোঁটা দিয়ে বিভিন্ন বিষয়ের বই ওদের হাতে তুলে দিয়েছি।