বুকস্টল বিতর্ক! এসএফআই-এবিভিপি’র সংঘর্ষে রণক্ষেত্র কলেজ স্ট্রিট, নীরব পুলিশ
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বইপাড়ায় বই বিক্রি করতে গিয়ে ফের ধুন্ধুমার! মঙ্গলে পুলিশের পর বুধে এ বিষয়ে ‘অগ্রণী ভূমিকা’য় এবিভিপি। এসএফআইয়ের অভিযোগ, বুধবার সকাল থেকে এবিভিপি তাদের বুকস্টলে হামলা চালিয়েছে। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটক, সুকান্ত ভট্টাচার্যের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে। আগুন দিয়েছে কার্ল মার্ক্সের ছবিতে। কিছু পুস্তিকা নিয়ে বসে পড়েছে রাস্তায়। আর তারপরই শুরু হয়েছে হাতাহাতি। ধুন্ধুমার এই পরিস্থিতি চলল রাত পর্যন্ত। যদিও কলেজ স্ট্রিট রণক্ষেত্রের আকার নিল বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু আসার পর। তাঁকে দেখেই এবিভিপি স্টল ছেড়ে ফের রাস্তায় নেমে পড়ে। বিমানবাবুকে জুতো দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেয়। আর সন্ধ্যা হতেই এবিভিপির হাতে উঠে আসে ইট, ডিম, চকোলেট বোমা। এসএফআইয়ের অভিযোগ, তাদের বুকস্টলের দিকে লক্ষ্য করে লাগাতার সেইসব ছুড়ে গিয়েছে এবিভিপি। পালটা এবিভিপিরও দাবি, এসএফআই তাদের স্টল ভেঙেছে। গোটা পরিস্থিতিতে পুলিশ অত্যন্ত দুর্বল মধ্যস্থতাকারী হয়েই থেকে গিয়েছে বলে দাবি করেছে বামেরা। তাদের নীরব দর্শক বলেই তোপ দেগেছে এসএফআই।

Advertisement

বিগত চার বছর ধরে কলেজ স্ট্রিটে নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে এসএফআইয়ের কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি ‘সংগ্রামী বইপত্র’ নামে বই বিপণি করে। সোমবার সন্ধ্যায় প্রথম পুলিশ স্টল করতে বাধা দেয়। মঙ্গলবার ট্রাম লাইনেই বই নিয়ে বসে পড়ে এসএফআই। পুলিশ ৪১ জন নেতা-কর্মীকে আটকও করে। বুধবার পুলিশের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের সামনে টেবিল পেতে বসে এসএফআই। তাদের অভিযোগ, দুপুরবেলা বই গোছানোর সময় কয়েকজন এবিভিপির লোক এসে স্টলের সামনের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। ফ্লেক্স ছিঁড়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায়, এবিভিপিও স্টল করে বসেছে। দুপুরের দিকে এসএফআইয়ের স্টলে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বিমানবাবু বলেন, ‘যারা লেখায় আগুন দেয়, পায়ে মাড়ায়, তারা আর যাই হোক সভ্য সমাজের শিক্ষিত অংশের যুবক-যুবতী হতে পারে না।’ এরপর বিমানবাবুরা গাড়ির দিকে এগতেই এবিভিপির কর্মীরা তাদের স্টল ছেড়ে জুতো হাতে ‘বিমান বসু গো ব্যাক’ স্লোগান দেয়। বিমানবাবুর গাড়ির দিকে এগিয়ে যায়। পুলিশ তাদের আটকালে রাস্তায় বসে পড়ে। বিমান বসুকে এমন হেনস্তার নিন্দা করেছে এসইউসিআইও। 
সন্ধ্যা হতেই আচমকা রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ স্ট্রিট। এবিভিপির নেতারাও ততক্ষণে চলে এসেছিলেন। এসএফআইয়ের অভিযোগ, মহিলাদের উদ্দেশ করে অশ্রাব্য ভাষার সঙ্গে এবিভিপির স্টল থেকে পাথর, ডিম, চকোলেট বোমা ছোড়া হয়। ত্রিপল দিয়ে স্টল ঢেকে, বই সরিয়ে নেয় এসএফআই। অভিযোগ, জাতীয় পতাকার উপরও ডিম ছোড়া হয়েছে। তাদের দাবি, অবিলম্বে আক্রমণকারীদের গ্রেপ্তার করতে হবে। রাতে এসএফআই মিছিল করে জোড়াসাঁকো থানা ঘেরাও করে। পুলিশকে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে প্রশ্ন করেন, ‘বইয়ের উপর বোমা মারার জন্য ক’জনকে গ্রেপ্তার করেছেন?’              নিজস্ব চিত্র