সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া বইমেলায় এবার আকর্ষণের কেন্দ্রে রয়েছে ইতিহাসপ্রসিদ্ধ শিল্পী মাইকেলেঞ্জেলোর আঁকা ছবির বই। ১৯৮০সালে প্রিন্ট হওয়া এই বইটির দাম ৪৫হাজার টাকা। এবারের বইমেলায় এটিই সবচেয়ে মহার্ঘ্য বই। দুই বাই দেড় ফুট সাইজের বইটির ওজন পাঁচ কেজির বেশি। জার্মানির বিখ্যাত সংস্থা তাসচেন এই বইয়ের প্রকাশক। ওই সংস্থা পৃথিবী বিখ্যাত শিল্পীদের ছবি বই আকারে প্রকাশ করে। বই বিক্রেতা সুভাষ মল্লিক বলেন, ১৫বছর আগে ওই প্রকাশক সংস্থা ‘মাইকেলেঞ্জেলো, কমপ্লিট ওয়ার্কস’ নামে এই বইয়ের নিলাম করেছে। সেই সময় কয়েক লক্ষ টাকা খরচে ১৫টি বই কিনেছিলাম। ইতিমধ্যে ১২টি বই বিক্রি হয়েছে। এবছর কলকাতা ও শিলিগুড়ি বইমেলায় দু’টি বই বিক্রি হয়েছে। ওই বইয়ে শিল্পীর কয়েকশো ছবি নিপুণভাবে চার ফোল্ড করে রাখা হয়েছে।
মাইকেলেঞ্জেলো ছাড়াও শিল্পী মকবুল ফিদা হোসেনের ছবির বইও সবার নজর কাড়ছে। এই বইয়ের দাম ১০হাজার টাকা। এছাড়া ‘ওয়ান্ডার্স অব ইন্ডিয়ান ওয়াইল্ডনেস’ দামি বইও রয়েছে। বইটির দাম ২৩ হাজার টাকা। এবারের হলদিয়া বইমেলায় এধরনের দুষ্প্রাপ্য বইয়ের বিরাট সম্ভার রয়েছে। এধরনের পুরনো দুষ্প্রাপ্য বইয়ের সঙ্গে নামী প্রকাশনা সংস্থাগুলির বইয়ের মেলবন্ধন ঘটেছে হলদিয়া বইমেলায়।
রবিবার মেলার দ্বিতীয় দিনেই কার্যত জমে ওঠে। এবার হলদিয়া বইমেলা হচ্ছে সিটি সেন্টার মোড় সংলগ্ন পুরসভার সোনার তরী কমপ্লেক্সে।
সাতদিনের বইমেলা চলবে আগামী ১৮এপ্রিল পর্যন্ত। সন্ধ্যা হতেই ভিড় বাড়তে শুরু করেছে মেলা প্রাঙ্গণে। স্কুল-কলেজের পড়ুয়ারা মেলার অনুষ্ঠানে এসে বইও কিনছে। এদিন বিজ্ঞান বিষয়ক আলোচনা চক্রে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলনের নেতা আশিস লাহিড়ি, বিশিষ্ট বিজ্ঞান গবেষক অনির্বাণ দাস। আশিসবাবু যুক্তিবাদ ও বিজ্ঞানমনস্কতা নিয়ে মনোগ্রাহী বক্তব্য রাখেন। অনির্বাণ তুলে ধরেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কীভাবে মানবকল্যাণে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করছে বিজ্ঞান। মেলার উপদেষ্টা প্রণব দাস, সুদর্শন মান্না বলেন, হলদিয়ার ক্লাবগুলিকে উৎসাহিত করে বই কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় প্রতিদিন নাটক, গান, স্কুল পড়ুয়াদের আবৃত্তি, মহিলাদের রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।-নিজস্ব চিত্র