সংবাদদাতা, বনগাঁ: কেন্দ্রীয় মন্ত্রী বনাম রাজ্যের মন্ত্রী! প্রকৃত অর্থেই ডবল ইঞ্জিনের লড়াই! বিজেপির দুই নেতা ও অনুগামীদের লড়াইয়ে ক্রমেই তপ্ত হয়ে উঠছে মতুয়াগড় বনগাঁর রাজনীতি। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার ‘দ্বন্দ্ব’ এখন আর নিছক অনুগামীদের মধ্যে সীমাবদ্ধ নেই। পেট্রাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলতি মাসের গোড়া থেকে শুরু হয়েছিল ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) দুই গোষ্ঠীর লড়াই। তার আঁচ পৌঁছে গিয়েছে মতুয়াভক্তদের মধ্যেও। অশোক কীর্তনিয়াপন্থী এক বিএমএস নেতার গ্রেপ্তারের দাবিতে বুধবার পথে নেমেছিলেন শান্তনুপন্থী মতুয়ারা। ব্যস্ত ১১২ নম্বর জাতীয় সড়ক তথা যশোর রোড আটকে চলে বিক্ষোভ সভা। বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্তের কাছে ডেপুটেশনও দেওয়া হয়। রাস্তা আটকে সভার জেরে প্রায় দু’ঘণ্টা কার্যত বন্ধ থাকে যাত্রী ও পণ্য পরিবহণ। এমনকি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত ট্রাক-লরিকে আটকে দেওয়া হয় পুরসভা এলাকার বাইরে। মতুয়াদের মূলস্রোত শান্তনু ঠাকুরের সঙ্গে থাকলেও, জমায়েত কিন্তু আশানুরূপ হয়নি। বিক্ষোভে হাজির ছিলেন প্রায় ৪০০ জন। ওই বিএমএস নেতা ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার না হলে, মতুয়া ভক্তরা আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হওয়ার ঘোষণাও করেছেন।
চলতি মাসের গোড়ায় পেট্রাপোল আন্তর্জাতিক স্থল বন্দরে লোডিং-আনলোডিংয়ের কাজে যুক্ত শ্রমিকদের মধ্যে কারা বেশি অনুপাতে কাজ পাবেন, তা নিয়ে বিবাদ চরমে ওঠে। শান্তনু ঠাকুর ও অশোক কীর্তনিয়া—এই দুই গোষ্ঠীতে ভাগ হয়ে যায় বিএমএস। এই কোন্দলের জেরে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্য। পণ্যবোঝাই ১৮০টি ট্রাক আটকে যায় বন্দরে। নভেম্বরের এক তারিখ থেকে চলা এই অচলাবস্থা শেষ হয় গত ৪ নভেম্বর। শান্তনুপন্থী মতুয়াভক্তদের অভিযোগ, এই পর্বে সংঘাধিপতির বিরুদ্ধে সমাজমাধ্যমে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন বিএমএস বনগাঁ নগর সভাপতি রাজীব গোস্বামী। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই বনগাঁ ও নদীয়ার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন মতুয়া ভক্তরা। তা সত্ত্বেও কেন তিনি গ্রেপ্তার হচ্ছেন না, তা নিয়েই এদিন পুলিশ সুপারের অফিস অভিযান করেন শান্তনুপন্থীরা।
রাজনৈতিক মহলের দাবি, রাজ্যে পালাবদলের পর বন্দরের সিংহভাগ নিয়ন্ত্রণ আইএনটিটিইউসি’র পরিবর্তে চলে গিয়েছে বিএমএসের হাতে। এরপরই সংগঠনটি ভাগ হয়ে যায় দু’টি গোষ্ঠীতে। অশোক কীর্তনিয়া গোষ্ঠী ঠিক করে, ৭৮ শতাংশ কাজ পাবে বিএমএসের লোকজন। বাকি ২২ শতাংশ ছাড়া থাকবে সিটু সহ অন্যান্য শ্রমিক সংগঠনের জন্য। শান্তনুপন্থীরা আবার ৭০-৩০ অনুপাতের পক্ষে। তাতেও থাকবে ভাগাভাগি। ‘পুরানো’ বিএমএস ৫০ শতাংশ এবং ‘নতুন’ বিএমএস ২০ শতাংশ কাজ পাবে। এই নিয়েই দু’পক্ষে বিবাদ, বচসা ও হাতাহাতিও পর্যন্ত হয়েছে। বিএমএসের সেই কোন্দল এখন মতুয়া ভক্তদের আড়াআড়িভাবে বিভক্ত করছে।



