সংবাদদাতা, খড়্গপুর: পিংলার মালিগ্রামে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হল বোমা, ঘাস মারা কীটনাশক, সিরিঞ্জ সহ বিভিন্ন ত্রাণসামগ্রী। শুক্রবার বিকেলে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা ওই কার্যালয়ের তালা ভেঙে এই সমস্ত জিনিস উদ্ধার করেন। আর তারপরই এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ওগুলি বোমা নাকি গাছ বোম, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভোটের পর থেকেই বন্ধ ছিল তৃণমূলের ওই কার্যালয়। এদিন এলাকাবাসীদের সঙ্গে ওই কার্যালয়ের তালা ভাঙেন বিজেপি কর্মীরা। এদিন সন্ধ্যা নাগাদ স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ দাস বলেন, ওই কার্যালয় থেকেই সবং ও পিংলায় সন্ত্রাস চালাত তৃণমূল। ভোটের পর ওই সিরিঞ্জ ব্যবহার করে বিরোধী কর্মীদের শরীরে বিষ ঢোকানোর চক্রান্ত করা হয়েছিল। বিপুল ত্রাণসামগ্রীও লুট করেছিল তৃণমূলের নেতারা। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।