পুরসভাকে ভর্ৎসনা বম্বে হাইকোর্টের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: শহরের রাস্তায় যত্রতত্র আবর্জনার স্তূপ। যাবতীয় নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ফেলা হচ্ছে প্লাস্টিক সহ রাশি রাশি জঞ্জাল। এ সংক্রান্ত এক মামলার শুনানিতে বুধবার বৃহন্মুম্বই পুরসভাকে তীব্র ভর্ৎসনা বম্বে হাইকোর্টের। আদালতের বক্তব্য— ব্রিটেন থেকে আগত রাজ অতিথিদের জন্য শহরের একাধিক এলাকা ঝাঁ-চকচকে করা হয়েছে। দু’দিনের ‘অস্থায়ী প্রদর্শনী’ চালু করেছে পুরসভা। অথচ এখানকার বাসিন্দারা আবর্জনার পাহাড়ে বসবাস করছেন। 

Advertisement

তিনদিনের সফরে রয়েছেন ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম এবং প্রিন্সেস ক্যাথরিন (কেট)। রয়্যাল দম্পতিকে কখনও মুম্বইয়ের রাস্তায় অটোয় ঘুরতে দেখা গিয়েছে। কখনও আবার গলি ক্রিকেট আর ভাঁড়ের কাটিং চায়ে মজেছেন তাঁরা। বিধান ভবন,বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থেকে ব্যালার্ড এস্টেটের ছবিটা দেখে চেনা দায়। এদিন সেই প্রসঙ্গ তুলেই পুরসভাকে তুলোধনা করল বিচারপতি গিরিশ এস কুলকার্নি ও নীলা কে গোখলের বেঞ্চ। 
মূলত কাঞ্জুরমার্গ ডাম্পিং গ্রাউন্ড নিয়ে মামলার সূত্রপাত। শুনানি চলাকালীন আদালতের সাফ বক্তব্য, ব্যালার্ড এস্টেটের মতো মুম্বইয়ের প্রতিটি ওয়ার্ডে একইভাবে সাফাইয়ের প্রচেষ্টা চালানো উচিত প্রশাসনের। এখনও কেন প্লাস্টিকের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়নি? রাজ্য সরকার আর পুরসভা চাইলে বিদ্যুতের গতিতে এই কাজ করতে পারে। দু’দিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন না দেখিয়ে বাসিন্দাদের সুস্থ জীবনযাপনের স্বার্থে স্থায়ীভাবে প্রতিটি জায়গা আবর্জনা মুক্ত করতে হবে। এই সংক্রান্ত প্রশাসনের পদক্ষেপ, ওয়ার্ড অফিসারদের ভূমিকা সহ একাধিক বিষয়ে জবাব চেয়েছে আদালত। ৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।