মুম্বই: ঠিকানা বদলের জন্য ফর্ম ৮ পূরণের পরও এসআইআরে নাম বাদ গিয়েছিল একই পরিবারের ছ’জনের। বৃহস্পতিবার তাঁদের নাম অবিলম্বে ভোটার তালিকায় তোলার নির্দেশ দিল বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশ, ওই ছ’জনের ঠিকানা যাচাই করে দশ দিনের মধ্যে নাম তুলতে হবে। সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির উল্লেখ করে এই মামলায় স্থগিতাদেশের আরজি জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু দু’টি বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই জানিয়ে তা খারিজ করে দেয় উচ্চ আদালত। নিজের ও পরিবারের পাঁচ সদস্যের নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন
হন উত্তর গোয়ার সান্তাক্রুজ বিধানসভার বাসিন্দা পরেশ বসন্ত সালগাঁওকার। এসআইআরের ইনিউমারেশন পর্ব চলাকালীন একই বিধানসভার মধ্যে বাসস্থান বদল করেছিলেন। স্থানীয় বিএলও-র নির্দেশমতো ফর্ম ৮-ও জমা দেন। তারপরও এসআইআরের খসড়া তালিকায় তাঁদের নাম ছিল না। তখন কমিশনের পক্ষ থেকে নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ পূরণ করতে বলা হয়। তাতেই আপত্তি জানান বসন্ত। এদিন সেই আপত্তিতে সিলমোহর দিয়েছে বিচারপতি বাল্মিকী মেনেজেস এবং বিচারপতি অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চ।
এসআইআর দেশজুড়ে বিতর্কের মধ্যেই এদিন ওড়িশা, অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের জন্য স্পেশাল সামারি রিভিশনের (এসএসআর) নোটিশ জারি করেছে কমিশন। নতুন ভোটারদের নাম তালিকায় নিশ্চিত করতেই এই উদ্যোগ।



