Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে বিমানবন্দরের কাছে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক

অণ্ডালে বিমানবন্দরের কাছে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সোমবার অণ্ডাল বিমানবন্দরের অদূরে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিমানবন্দর সংযুক্তকারী রাস্তার পাশে ওই ব্যাগটি পড়েছিল। ব্যাগের কোনও দাবিদার না থাকায় স্থানীয় মানুষজন বিষয়টি পুলিসের নজরে আনেন। এরপরই পুলিস বম্ব স্কোয়াডে খবর দেয়। তারা এসে ব্যাগ খুললে দেখা যায়, সেখানে বেশকিছু ফল ও মিষ্টি রয়েছে। স্বস্তি ফেরে পুলিস ও প্রশাসনিক মহলে। এসিপি অণ্ডাল পিন্টু সাহা বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও যাত্রী একাধিক ব্যাগ নিয়ে যাওয়ার সময় কোনওভাবেই এই ব্যাগটি ফেলে যান। কাশ্মীরে জঙ্গি হামলার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে বিমানবন্দরগুলির উপর বাড়তি নজর রাখা হয়। তারই মাঝে এই ঘটনায় শোরগোল পড়েছিল এলাকায়। অণ্ডাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক মণ্ডল বলেন, আমাদের এলাকায় পুলিস ও প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। ব্যাগটি দ্রুত নজরে আসে ও পুলিস প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ