Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

স্থায়ী প্রশাসক নিয়োগের পরেই স্বাভাবিক হচ্ছে বোলপুর পুরসভা

স্থায়ী প্রশাসক বসার পর বোলপুর পুরসভার কাজে কিছুটা গতি এসেছে। নাগরিক পরিষেবাও স্বাভাবিক হচ্ছে।

স্থায়ী প্রশাসক নিয়োগের পরেই  স্বাভাবিক হচ্ছে বোলপুর পুরসভা
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: স্থায়ী প্রশাসক বসার পর বোলপুর পুরসভার কাজে কিছুটা গতি এসেছে। নাগরিক পরিষেবাও স্বাভাবিক হচ্ছে। অস্থায়ী কর্মীরাও দু’দিনের মধ্যে বকেয়া বেতন পেয়ে যাবেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বোলপুর পুরসভাতেও বদল আসে। গত ২০জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ। এরপর পুরবোর্ড ভেঙে প্রশাসক বসে। কিন্তু, পরপর প্রশাসক বদল হওয়ায় পুরসভার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছিল।  বোলপুর পুরসভায় ২২টি ওয়ার্ড। দীর্ঘদিন ধরে পথবাতি, রাস্তা, নিকাশি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমস্যা ছিল। বর্ষায় একাধিক রাস্তার বেহাল অবস্থা। বিভিন্ন এলাকায় পথবাতিও বিকল হয়ে রয়েছে। অস্থায়ী কর্মীদের দু’মাসের বেতন বকেয়া ছিল। বেতন না পেয়ে তাঁরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। এবার সেই সমস্যারও সমাধান হচ্ছে। পুরসভা সূত্রে খবর, বেতন সংক্রান্ত কাগজে সই করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী দু’দিনের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে। প্রশাসক বদলের জেরে শংসাপত্র দেওয়া এবং টেন্ডার পাশের মতো কাজও আটকে ছিল। নতুন প্রশাসক আসার পর সেই কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক টেন্ডার পাশ হয়েছে। নাগরিকদের শংসাপত্র দেওয়ার কাজও স্বাভাবিক হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, পুজোর আগে রাজ্য সরকারের নির্দেশ মেনে প্রায় ৭কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৯০০টি পথবাতি মেরামতের কাজ হবে। নতুন পথবাতিও বসানো হবে। পাশাপাশি পুরসভার একাধিক রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। পুজোর আগেই সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাতেও নজর দেওয়া হচ্ছে। সপ্তাহে তিনদিন বিশেষ দল কাজ করবে। ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহও চলবে। শহর পরিষ্কার রাখতে বিশেষ অভিযানও হবে। সম্প্রতি বৃষ্টিতে যে ওয়ার্ডগুলি জলমগ্ন হয়েছিল সেখানকার নিকাশি ব্যবস্থার দিকেও নজর দেওয়া হচ্ছে। আগামী দিনে যাতে জল দ্রুত নামানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে। কাউন্সিলারদের পদত্যাগের পর প্রতিটি ওয়ার্ডে দু’জন করে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁদের কাছে বাসিন্দারা সমস্যার কথা জানাতে পারবেন। আধিকারিককে না পাওয়া গেলে সরাসরি প্রশাসককে জানানো যাবে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। বোলপুর পুরসভার প্রশাসক তথা এগজিকিউটিভ অফিসার বিকাশ নস্কর বলেন, অনেকদিন ধরে বেশকিছু কাজ থমকে ছিল। এখন সমস্ত কাজ চলছে। নাগরিকদের সমস্যার সমাধানে পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ