সংবাদদাতা, বোলপুর: বোলপুর পুরসভার বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, টেন্ডার, কর্মী নিয়োগ এবং সরকারি প্রকল্পের তথ্য প্রকাশের দাবিতে প্রশাসকের দ্বারস্থ হল বিজেপি। বুধবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুরসভার প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেয়। তথ্য ও নথি চাওয়ার পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যাও দাবি করা হয়েছে। প্রসঙ্গত, বিজেপির সরকার গঠনের পর বোলপুর পুরসভার তৃণমূলের চেয়ারপার্সন সহ একাধিক কাউন্সিলার পদত্যাগ করেন। পরবর্তীতে পুরসভায় প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার।
বিজেপির অভিযোগ, তৃণমূল পরিচালিত বোর্ডের আমলে পুরসভায় একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়ম হয়েছে। নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পরও পুরসভার ভিতরে থাকা কয়েকজন আধিকারিক ও কর্মী এখনো আগের শাসকদলের প্রভাবেই কাজ করছেন। স্মারকলিপিতে ২০২৬ সালের ৪ মে-র পর জারি হওয়া সমস্ত টেন্ডারের তালিকা, ওয়ার্ক অর্ডারের নথি, স্থায়ী ও অস্থায়ী কর্মীদের নাম, পদ, বেতন কাঠামো, গত ছয় মাসের বেতন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
শুধু তথ্য চাওয়াতেই সীমাবদ্ধ থাকেনি বিজেপি। স্মারকলিপিতে প্রশ্ন তোলা হয়েছে, তৃণমূলের পূর্বতন বোর্ডের আমলে নিযুক্ত অস্থায়ী কর্মীদের কীভাবে ওয়ার্ড কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হল এবং সেই সিদ্ধান্ত কার অনুমোদনে নেওয়া হয়েছে। জনগণনার কাজে স্থায়ী সরকারি কর্মীদের পরিবর্তে পুরসভার অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের যুক্ত করা হয়েছে কি না, সেই বিষয়েও ব্যাখ্যা দাবি করা হয়েছে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম যাচাই এবং বণ্টনের বর্তমান অবস্থারও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, পুরসভার প্রশাসনকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে চালাতে হবে। তৃণমূলের সময়ে প্রচুর দুর্নীতির অভিযোগ আমাদের কাছে এসেছে। সেই সমস্ত কাজের হিসাব জনসমক্ষে আসা উচিত। প্রশাসক নিরপেক্ষভাবে কাজ করলে সাধারণ মানুষই তার সুফল পাবেন। -নিজস্ব চিত্র