২০ কেজি সোনা, ৩০ কেজি রুপোর গয়নায় সেজে উঠছেন বোল্লা কালী মা
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোপাল সূত্রধর, বালুরঘাট: কারও কাছে তিনি জাগ্রত দেবী, কারও কাছে পরম ভরসার আশ্রয়। কেউ মায়ের কাছে মানত করেন, কেউ মানত পূরণ করে কৃতজ্ঞতা জানাতে ফিরে আসেন। আর সেই ভক্তদেরই বছরের পর বছর ধরে নিবেদন করা সোনা রুপোয় ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মাতার অলংকারের সম্ভার। সোনার টিকলি, সীতাহার, মঙ্গলসূত্র থেকে কোমরবিছা, প্রায় ২০ কেজি সোনার গয়নায় সেজে উঠেছেন বোল্লা মা। সঙ্গে রয়েছে আরও ৩০ কেজি রুপোর গয়না।  শুধু তাই নয়, আরও ২০ কেজির বেশি রুপোর বাসনপত্র ও পুজোর নানা সামগ্রী রয়েছে। মায়ের এই অপরূপ রূপ দর্শন করতেই রাস পূর্ণিমার পরের শুক্রবার থেকে বোল্লা মেলায় ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত। এবারও ব্যতিক্রম হয়নি।

Advertisement

শুক্রবার রাতে পুজো। তার আগে ভোর থেকেই লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছেন বোল্লা মন্দির চত্বরে। মন্দির ট্রাস্ট কমিটির সাধারণ সম্পাদক অর্ঘ্য সরকার বলেন, এবছর মা ২০ কেজি সোনা এবং ৩০ কেজি রুপোর গয়নায় সেজেছেন। প্রতি বছরই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের পুজোর আয়োজন করা হয়। 
বোল্লা রক্ষাকালী মায়ের পুজোকে ঘিরে চার দিন ধরে মেলা চলে। বছরের পর বছর ধরে এই মেলা শুধু ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সব ধর্মের লোকেরাই এই পুজোতে অংশগ্রহণ করেন। মানত করে ভক্তদের মনের আশা পূরণ হয় আর সেই কৃতজ্ঞতা জানাতেই মন্দিরে নিবেদন করা সামান্য সোনা। সেই সোনা জমতে জমতে আজ মায়ের গয়নার বিশাল ভাণ্ডারে পরিণত হয়েছে। সোনার গয়নার তালিকাও বেশ দীর্ঘ। রয়েছে সোনার একাধিক টিকলি, হীরার চোখ, কানপাশা, ছ’টি নাকের নথ, গলার চিক, বড় হার, বেলপাতা মালা, মুণ্ডমালা, মঙ্গলসূত্র, মুক্তার মালা ও সীতাহার। এছাড়াও রয়েছে চারটি বাজুবন্ধ, সোনার চুড়ি, কোমরবিছা, চেন, আংটি সহ নানা অলংকার। কোমরবিছার ওজন ২ কেজি ৪০০ গ্রাম। ১ কেজি ৭০০ গ্রাম ওজনের সোনার খড়্গ রয়েছে। গলার বড় হারটিও মায়ের গয়নার অন্যতম আকর্ষণ। সোনার পাশাপাশি রয়েছে ৩০ কেজি রুপোর গয়না ও সামগ্রী। পায়ের তোড়া, রুপোর কদমা, খাজা, মুণ্ড মালা, পায়েল, মোষের শিং, শিবের সাপ, ত্রিশূল, রুপোর চুড়ি ছাড়াও রয়েছে ঘট, প্রদীপ ও পুজোর নানা বাসনপত্র। যার ওজন আরও ২০ কেজি। 
নানা গয়না আভরণে সজ্জিত মায়ের রূপ একবার চোখে দেখতে প্রতি বছরই মানুষের ঢল নামে বোল্লায়। নির্দিষ্ট রীতি মেনে শুরু হয় পুজোর প্রস্তুতি। সকালে হয় চণ্ডীপাঠ। সন্ধ্যায় ঘট ভরতে যান ভক্তরা। রাত ১১টা থেকে শুরু হয় মূল পুজো। এরপর রাতভর চলে পুজোর্চনা। পুজো পরিচালনার জন্য থাকেন তিন জন প্রধান পুরোহিত। মন্দির চত্বরে আরও উপস্থিত থাকেন আরও প্রায় ৪৫ জন পুরোহিত। এদিন সকাল থেকেই বহু মানুষ সোনা নিবেদন করতে আসেন। এব্যাপারে বালুরঘাটের এক ভক্ত রাজা কুণ্ডু বলেন, প্রতি বছর অল্প হলেও মাকে সোনা অর্পণ করি। এবছরও করেছি।