Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্রের গায়ে ফুটন্ত দুধ: পদ্মের ছায়ায় বাড়বাড়ন্ত সুদ কারবারির

ছাত্রের গায়ে ফুটন্ত দুধ: পদ্মের ছায়ায় বাড়বাড়ন্ত সুদ কারবারির
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিজেপির ছত্রচ্ছায়াতেই বর্ধমানের দেওয়ানদিঘিতে ছাত্রের গায়ে ফুটন্ত দুধ ঢালায় অভিযুক্ত সুদ কারবারি অমিত মাকড়ের বাড়বাড়ন্ত শুরু হয়। সে মাঝে কিছুদিন বর্ধমান-১ ব্লকে বিজেপির সাধারণ সম্পাদক পদেও ছিল। পরে অবশ্য তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরও সে পদ্মের ছত্রচ্ছায়াতেই ছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মির্জাপুরের বাসিন্দা অমিত এর আগেও এলাকার কয়েকজনের উপর হামলা করেছিল। তার পেশা সুদে টাকা খাটানো। টাকা আদায়ের জন্য সে একটি ‘গ্যাং’ তৈরি করে। কেউ টাকা দিতে দেরি করলে সে গ্যাংয়ের লোকজনদের নিয়ে গিয়ে হামলা করে। শনিবার সন্ধ্যাতেও সে কয়েকজনকে সঙ্গে নিয়ে দেওয়ানদিঘির চায়ের দোকানে পৌঁছয়। সেখানে নিজেদের চায়ের দোকানে দশম শ্রেণির ওই ছাত্র বসেছিল। সুদ কারবারিরা প্রথমে তার বাবার খোঁজ শুরু করে। তাঁকে না পেয়ে ওই ছাত্রর উপর হামলা করে। মারধর করার পর তার গায়ের উপর গরম দুধ ঢেলে দেয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে অমিত মাকড় এলাকা থেকে চম্পট দেয়। সোমবারও পুলিস তাকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিস সুপার সায়ক দাস বলেন, অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

ওই ছাত্রর বাবা উমাশঙ্কর সাউ বলেন, বাধ্য হয়েই অমিতের কাছে থেকে টাকা ধার নিয়েছিলাম। কিন্তু ও এতটা অমানবিক হয়ে উঠবে বলে ভাবতে পারেনি। ছেলের গায়ে গরম দুধ ঢালার পরও তার কোনও আফশোস নেই। দোকান থেকে যাওয়ার আগে সে গুলি করে খুনের হুমকি দিয়ে যায়। স্থানীয়দের দাবি, বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ থাকার জন্যই ওর এতটা বাড়বাড়ন্ত। সব সময় এলাকায় দাদাগিরি দেখায়। পুলিসের একাংশের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। সেই কারণে ঘটনার পর তিনদিন কেটে গেলেও পুলিস তাকে গ্রেপ্তার করেনি। অমিত বিজেপির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকত। এলাকায় দাদাগিরি দেখালেও দলও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, এরাই বিজেপির সম্পদ। কোনও ভালো মানুষ ওদের দল করে না। মস্তান, সুদকারবারিদের ওরা দলে জায়গা দেয়। গরিব মানুষদের টাকা ধার দিয়ে ২০ থেকে ২৫ শতাংশ সুদ আদায় করত।

Advertisement
সম্পর্কিত সংবাদ