নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজমিস্ত্রির কাজ করতে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার রুদ্রপুরের যুবক আবু বক্কর মণ্ডল (৩৩)। স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতেন গত কয়েকবছর। মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসিগাওয়ে থাকতেন তাঁরা। বৃহস্পতিবার রাতে সেই যুবকের কফিনবন্দি দেহ ফিরল ঘরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আবু বক্করকে কুপিয়ে খুনের পর দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে জলে ফেলে দেওয়া হয়। ছেলের কফিনবন্দি দেহ ঘরে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা সহ প্রতিবেশীরা। জানা গিয়েছে, খুনের ঘটনায় জড়িত অভিযোগে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিস মৃতের স্ত্রী ও এক যুবককে গ্রেপ্তার করেছে। সূত্রের খবর, বেশ কয়েক বছর ভাসি থানা এলাকায় থাকার সূত্রে আবু বক্করের স্ত্রীর সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভুত সম্পর্ক তৈরি হয়। তা নিয়ে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল তাঁদের সংসারে। স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন আবু বক্কর। তাই সম্পর্কের জটিলতার কারণে এই খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে ভাসি থানার পুলিস। তবে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ চলছে, এটি সেরকম কোনও ঘটনা কি না, প্রশ্ন তুলেছে পরিবার।



