Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলুড়ের রাস্তায় যুবকের দেহ, খুনের অভিযোগ পরিজনদের

কালীপুজোর ভোররাতে বেলুড়ের রাস্তায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম শুভঙ্কর বড়ুয়া (৪০)। তিনি বেলুড়ের রাজেন শেঠ লেনের বাসিন্দা।

বেলুড়ের রাস্তায় যুবকের দেহ, খুনের অভিযোগ পরিজনদের
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কালীপুজোর ভোররাতে বেলুড়ের রাস্তায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম শুভঙ্কর বড়ুয়া (৪০)। তিনি বেলুড়ের রাজেন শেঠ লেনের বাসিন্দা। এদিন ভোরে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এনিয়ে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।

Advertisement

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার কালীপুজো থাকায় কাজের পর দীর্ঘক্ষণ বাড়ির বাইরেই ছিলেন শুভঙ্কর। বিমা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি। রাত সাড়ে এগারোটা নাগাদ দূর সম্পর্কের এক মামার সঙ্গে বাইকে চেপে রাজেন শেঠ লেনের বাড়িতে ফেরেন। পরিবারের দাবি, বাড়ি ফিরে আসার বেশ কিছুক্ষণ পর শুভঙ্করের কাছে একটি ফোন আসে। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। কোথায় যাচ্ছেন, সেটাও পরিবারের কাউকে জানাননি। এরপর রাত গভীর হয়ে গেলেও শুভঙ্কর বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। শেষে এদিন ভোরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বেলুড় থানায়। তাঁকে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। হাওড়া সিটি পুলিশের এসিপি (নর্থ-২) আনন্দজিৎ হোড় বলেন, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এটা খুনের ঘটনা কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই স্পষ্ট হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পাঁজরে, গলায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। খুনের আগে সম্ভবত তাঁর সঙ্গে ধস্তাধস্তিও হয়েছিল। শুভঙ্করের এই মৃত্যুর পর খুনের অভিযোগ তুলেছে পরিবার। মৃতের মামা সঞ্জয় ঘোষ বলেন, রাতে আমি নিজে ওকে বাড়ির সামনে নামিয়ে গেলাম। কখনও কোথাও কিছু হলে সব সময়ে আমাকে আগে জানাতো। হঠাৎ করে রাতে কার ফোন এল যে ওকে তড়িঘড়ি বেরিয়ে যেতে হল? পুলিশ সবটা তদন্ত করে দেখুক। এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাড়ায় নির্বিবাদী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কারও সঙ্গে ঝামেলা বা শত্রুতা ছিল না। কেউ বা কারা তাঁকে কোথাও খুন করে দেহ ফেলে রেখে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন বাসিন্দাও। এদিন দুপুরে বেলুড় থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ