Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে যুবকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ দায়ের পরিবারের

শনিবার বিকেলে বারাসতের কাজিপাড়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম মহম্মদ মাওলা বক্স ওরফে খোকন (৩৬)।

বারাসতে যুবকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ দায়ের পরিবারের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার বিকেলে বারাসতের কাজিপাড়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম মহম্মদ মাওলা বক্স ওরফে খোকন (৩৬)। পরিবারের পক্ষ থেকে বারাসত থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিস। নেশার আসরে কারও সঙ্গে কোনও গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।

Advertisement

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মহম্মদ মাওলা বক্সের বাড়ি বারাসতের পালপাকুরিয়ায়। এদিন সকালে তিনি বাড়ি থেকে বের হন কাজে যাওয়ার জন্য। বিকেলে পরিবারের লোকজন জানতে পারেন, তাঁর মৃতদেহ কাজিপাড়া যশোর রোডের ধারের একটি গ্যারাজের কাছে পড়ে রয়েছে। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে দেখেন তাঁর মুখ থেকে গাজলা বের হচ্ছে। দ্রুত তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে আসেন বারাসত মেডিক্যাল কলেজে। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুতের শক লেগে তাঁর মৃত্যু হয়েছে বলে ডাক্তারের কাছ থেকে জানতে পারেন পরিবারের লোকজন। মৃতের স্ত্রী সঞ্চুয়ারা বিবি বারাসত থানায় একটা খুনের অভিযোগ করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাওলা মদের নেশার পাশাপাশি জুয়াও খেলতেন। অতিরিক্ত মদ্যপানের ফলে নেশাগ্রস্ত হয়ে কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ