পাটনা: এবার হস্টেলের ঘরে রহস্যজনক অবস্থায় উদ্ধার হল প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে এইমস পাটনায়। পুলিস সূত্রে খবর, ওই পড়ুয়ার নাম যাদবেন্দ্র সাহু। বাড়ি ওড়িশায়। এইমস পাটনার হস্টেলে থাকত ওই ছাত্র। ফুলওয়ারি শরিফের এসডিপিও জানিয়েছেন, বেলা ১টা নাগাদ কলেজ থেকে ফোন করে জানানো হয়, সকাল থেকে যাদবেন্দ্রর ঘর বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা খুলছে না। ভিতর থেকে মোবাইল বাজচ্ছে। খবর পেয়ে দ্রুত ক্যাম্পাসে পৌঁছয় পুলিস। ডাকাডাকিতে সাড়া না পেয়ে এইমস কর্তৃপক্ষ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজা খোলা হয়। দেখা যায়, বিছানার উপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে যাদবেন্দ্র। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরাও। আধিকারিকদের তরফে যাদবেন্দ্রের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে।



