নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজিনগর থানা এলাকার রাজা সুবোধ মল্লিক রোডে একটি বহুতল থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আশুতোষ দাস (৭০) নামের ওই বৃদ্ধের দেহ ঘরের মধ্যেই পড়েছিল। সোমবার দুর্গন্ধ বেরনোয় স্থানীয় লোকজন পুলিসকে বিষয়টি জানান। তারপর থানা থেকে অফিসাররা এসে দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। প্রাথমিকভাবে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। পুলিস সূত্রে খবর, আশুতোষবাবু ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর ছেলে দিল্লিতে ও মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। স্ত্রী কিছুদিন আগে মারা যান। তাঁর প্রিন্টিংয়ের ব্যবসা ছিল। অনেকদিন আগেই তিনি ব্যবসা বন্ধ করে দেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। বাড়ি থেকে খুব একটা বেরতেন না। নিজেই ঘরের সব কাজ করতেন। স্থানীয়রা পুলিসকে জানিয়েছেন, কয়েকদিন তাঁরা তাঁকে বাইরে বেরতে দেখেননি। সোমবার সকালে ওই আবাসনের এক বাসিন্দা আশুতোষবাবুর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান। তিনি অন্যদের বিষয়টি জানান। খবর দেওয়া হয় থানায়। পুলিস এসে দেখে, ভিতর থেকে দরজা বন্ধ। কলিং বেল বাজানোর পাশাপাশি ডাকাডাকি করলেও সাড়াশব্দ না মেলায় পুলিস দরজা ভাঙে। তাঁরা ভিতরে গিয়ে দেখেন, সিঁড়ির কাছে পড়ে আছেন বৃদ্ধ। দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিস। তদন্তকারীদের অনুমান, অন্তত তিনদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। আশুতোষবাবুর ছেলে ও মেয়েকে খবর দেওয়া হয়েছে।



