নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার। যার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের নাম সন্তোষ মণ্ডল (৫১)। বাড়ি লোকপুর থানার শিবপুর গ্রামে। আজ, বুধবার, সকালে হাসপাতালের দোতলার সিঁড়িতে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখা হয়। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনা স্বাস্থ্য কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
মৃতের আত্মীয় বীরেন গোপ বলেন, ‘সন্তোষবাবু আমার জামাইবাবু হন। আমার বোনের নাম এসআইআরে বাদ গিয়েছে। যে কারণে ওর মেয়ে, বৌমা কেউই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘ভোটার তালিকায় নাম তোলার জন্য সন্তোষবাবু গত কিছুদিন থেকে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে বেড়াচ্ছিলেন। কিন্তু কোথাও কোনা কাজ না হওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি।’
জানা গিয়েছে, ডাক্তার দেখানোর জন্য গত মঙ্গলবার নাকড়াকোন্দা হাসপাতালে এসেছিলেন সন্তোষবাবু। কিন্তু তিনি আর বাড়ি ফিরে যাননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন।কিন্তু তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে হাসপাতাল থেকে ফোন করে দেহ উদ্ধারের কথা জানানো হয়। পরিবারের অভিযোগ, দিনের পর দিন সরকারি দপ্তরে ঘুরেও সুরাহা না হওয়ার হতাশাতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সন্তোষবাবু।