Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অঙ্ক পরীক্ষার দিন সকালে দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

অঙ্ক পরীক্ষার আগেই নামী স্কুলের দশম শ্রেণির এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল কালীঘাট থানা এলাকায়।

অঙ্ক পরীক্ষার দিন সকালে দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অঙ্ক পরীক্ষার আগেই নামী স্কুলের দশম শ্রেণির এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল কালীঘাট থানা এলাকায়। মৃত্যুর কারণ কি ওই মেধাবী পড়ুয়ার অঙ্কভীতি? দিনভর ঘুরপাক খেয়েছে সেই প্রশ্ন।  সোমবার সকালে ঘরের দরজা খুলে মা দেখেন, তাঁরই শাড়ি গলায় জড়িয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে ১৬ বছরের ছেলে। সাতসকালে এমনই দৃশ্য দেখে মা মূর্ছা যান। তাঁদের বাড়ি কালীঘাট থানা এলাকার মুখার্জিপাড়া লেনে। সেখানেই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। নাম শৌর্য সরকার। দশম শ্রেণির পড়ুয়া সে। সোমবার স্কুলে অঙ্ক পরীক্ষা ছিল। তার আগেই ঘর থেকে ঝুলন্ত দেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে অভিভাবকরাই এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন কিশোরকে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিস। লালবাজার জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছে ওই ছাত্র। তবে তার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ধারণা পেতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। তার প্রাথমিক রিপোর্ট বলছে, গলায় ফাঁস লাগিয়েই আত্মঘাতী হয়েছে কিশোর। 

Advertisement

শৌর্য রাসবিহারী এলাকার একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত। তার বাবা সৌমিক সরকার কলকাতা পুলিসে কর্মরত।  মা বেসরকারি স্কুলের শিক্ষিকা। কিশোরের প্রতিবেশীরা জানিয়েছেন, ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। কিন্তু বছর দু’য়েক আগে থেকে কোনও কারণে অবসাদে ভুগতে শুরু করে। তখন থেকে পড়াশোনায় খারাপ ফল শুরু হয়। অঙ্ক নিয়ে আতঙ্ক বাড়তে থাকে। আতঙ্ক ও অবসাদ কাটাতে এক মনোবিদের পর্যবেক্ষণে কিশোরের কাউন্সেলিং চলছিল বলে পুলিসকে জানিয়েছে পরিবারের সদস্যরা। গত সপ্তাহ থেকেই কিশোরের স্কুলে পরীক্ষা শুরু হয়েছিল। ৮০ নম্বরের পরীক্ষা। ইংরেজি ও বাংলা পরীক্ষা হয়ে গিয়েছিল। শনি ও রবিবার ছুটি ছিল। সোমবার অঙ্ক পরীক্ষা। বাবা-মায়ের সঙ্গে কথা বলে পুলিস জেনেছে, অঙ্ক নিয়ে অদ্ভুত আতঙ্ক তৈরি হয়েছিল শৌর্যের মনে। সেই ভয়ের কথা রবিবার সকালেও মাকে জানায় দশম শ্রেণির ছাত্র। কিন্তু বিষয়টি তেমন গুরুত্ব দেননি তারা। পুলিস সূত্রে জানা গিয়েছে, অন্য পরীক্ষার দিন ভোর ছ’টার মধ্যেই উঠে পড়ে কিশোর। কিন্তু, এদিন ছিল তার ব্যতিক্রম। সন্দেহের বশেই সকাল ৬টা বেজে ১০ মিনিটে ছেলের ঘরের দরজা খোলেন মা। তখন ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। লালবাজার জানিয়েছে, রাত পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি থানায়।   

Advertisement
সম্পর্কিত সংবাদ