Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁকড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও দুই সন্তানের দেহ, চাঞ্চল্য এলাকায়

শনিবার সন্ধ্যায় হাওড়ার বাঁকড়ায় একটি বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার হয় একই পরিবারের তিনজনের মৃতদেহ। মৃতদের মধ্যে একজন বৃদ্ধা।

বাঁকড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও দুই সন্তানের দেহ, চাঞ্চল্য এলাকায়
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার সন্ধ্যায় হাওড়ার বাঁকড়ায় একটি বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার হয় একই পরিবারের তিনজনের মৃতদেহ। মৃতদের মধ্যে একজন বৃদ্ধা। বাকি দু’জন তাঁর ছেলে ও মেয়ে বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম শেফালি ঘলোই (৬৬), শুভময় ঘলোই (৪২) ও সঙ্গীতা ঘোলোই (৪৫)। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পারিবারিক অশান্তির কারণে কীটনাশক জাতীয় কোনও তরল খেয়ে তিনজন আত্মঘাতী হয়েছেন। দেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়ার দক্ষিণপল্লির বাড়িতে বৃদ্ধা শেফালিদেবী তাঁর ছেলে-মেয়েকে নিয়ে থাকতেন। মেয়ে সঙ্গীতা মানসিকভাবে ভারসাম্যহীন। ছেলে শুভময় পূর্তদপ্তরের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। গত কয়েক মাস ধরেই ধারদেনা সংক্রান্ত নানা সমস্যায় জড়িয়ে পড়েন তিনি। ফলে পরিবারটি আর্থিক অনটনে ভুগছিল। এসব নিয়ে মাঝেমধ্যেই অশান্তি শুরু হতো সংসারে। এদিন দুপুর থেকে তাঁদের কাউকে বাড়ির বাইরে দেখতে পাননি স্থানীয়রা। বিকেলে প্রতিবেশীরা ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনও সাড়াশব্দ মেলেনি। সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা তখন পুলিসের বাঁকড়া তদন্ত কেন্দ্রে ফোন করে বিষয়টি জানান। ডোমজুড় থানার পুলিস ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 
স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিবারটি বেশ মিশুকে হিসেবেই পরিচিত ছিল এলাকায়। পাড়ায় সবার সঙ্গেই মেলামেশা করতেন তাঁরা। আচমকা পরিবারের তিন সদস্যেরই এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে 
এসেছে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ