Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ববি সিম্পসনের জীবনাবসান

শুধু প্রাক্তন ক্রিকেটার বা অধিনায়ক হিসেবেই নন, অস্ট্রেলিয়ার কোচ হিসেবেও ববি সিম্পসন অনন্য

ববি সিম্পসনের জীবনাবসান
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিডনি: শুধু প্রাক্তন ক্রিকেটার বা অধিনায়ক হিসেবেই নন, অস্ট্রেলিয়ার কোচ হিসেবেও ববি সিম্পসন অনন্য। শনিবার ৮৯ বছর বয়সে তাঁর জীবনাবসান তাই বিষাদ আনছে ক্রিকেট মহলে। ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ৬২ টেস্ট ও ২টি ওডিআই খেলেন তিনি। ১০টি শতরান ও ২৭টি অর্ধশতরান সহ টেস্টে সিম্পসনের সংগ্রহ ৪,৮৬৯ রান। লেগ স্পিনে রয়েছে ৭১টি উইকেটও। ৩৯টি টেস্টে তিনি নেতৃত্ব দেন অস্ট্রেলিয়াকে। 

Advertisement

১৯৬৮ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তখন সিম্পসনের নামের পাশে ৫০টি টেস্ট। তার মধ্যে ২৯টিতে তিনিই অধিনায়ক। কিন্তু ১৯৭৭ সালে কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট যখন টালমাটাল অবস্থায়, তখন অবসর ভেঙে ফিরতে হয় তাঁকে। ৪১ বছর বয়সে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে নেতৃত্ব দেন তিনি। তারপর ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়ে টেস্ট সিরিজেও তিনি ছিলেন অধিনায়ক। 
ডন ব্র্যাডম্যানের দেশে প্রথম পূর্ণমেয়াদি কোচ সিম্পসনই। ১৯৮৬ থেকে ১৯৯৬ পর্যন্ত এই পদে ছিলেন তিনি। ১৯৮৭ সালে বিশ্বকাপ জেতা তাঁর কোচিং কেরিয়ারের সেরা সাফল্য। সিম্পসনের সময়ে চারবার অ্যাসেজও জেতে অজিরা। স্লিপ ফিল্ডার হিসেবে তিনি ছিলেন নির্ভরযোগ্য। টেস্টে ১১০টি ক্যাচ তারই উদাহরণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ