বনি,কলস ক্যাম্প যেতে টাকা বিপাকে রায়দিঘির বোট মালিকরা
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সুন্দরবনের বনি ক্যাম্প ও কলস ক্যাম্পে যেতে অনুমতি বাবদ পর্যটক এবং বোট মালিকদের জন্য অর্থমূল্য ধার্য করল বনদপ্তর। পর্যটকদের জন্য মাথা পিছু ১৮০ টাকা, গাইডদের ৮০০ টাকা ও বোট পার্কিং বাবদ ১ হাজার টাকা দিতে হবে বলে নির্দেশ। এই নির্দেশে বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন রায়দিঘির টুরিস্ট বোট ও লঞ্চের মালিকরা। তাঁদের বক্তব্য, মাত্র দু’টি জায়গা যাওয়ার জন্য অতিরিক্ত ভাড়া দিতে কেউই রাজি নন। বনদপ্তর এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিক। না হলে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তবে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী বলেছেন, ‘সরকারি নির্দেশ মেনেই রেট নির্ধারিত হয়েছে। তবে আমরা আলোচনা করব।’ রায়দিঘি বাজার সংলগ্ন জেটিঘাট থেকে সুন্দরবনে যাওয়ার জন্য বোট পাওয়া যায়। মূলত বনি ক্যাম্প, কলস ক্যাম্প, কৈখালি, ঝড়খালি ও ভগবতপুর কুমির প্রকল্প দেখতে পর্যটকদের নিয়ে বোট ও লঞ্চ যায়। মা কালী টুরিস্ট বোটের মালিক অমিত কর্মকার বলেন, ‘২০২৪ সালের শেষ পর্যন্ত বনদপ্তরের সরকারি রেট ছিল। ২০২৫ সালে সরকার তা তুলে নিয়েছিল। এবার আবার নতুন করে সরকারি অনুমতির জন্য রেট ধার্য হয়েছে। ফলে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। বোট ছয় সিলিন্ডার যুক্ত। সবমিলিয়ে ৪২ পর্যটকের জন্য ৯ হাজার ৩৬০ টাকা অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।’ 

Advertisement

প্রসঙ্গত টুরিস্ট বোটগুলির রায়দিঘি থেকে সুন্দরবনের সজনেখালি, নেতিধোপানি, সুধন্যখালি, বুড়ির ডাবরি, দোবাঁকি যাওয়ার জন্য কোনো অনুমতি নেই। অনুমতি মেলে শুধু ঝড়খালি, বনি ক্যাম্প, কৈখালি, কলস ক্যাম্প ও ভগবতপুর যাওয়ার ক্ষেত্রে। একটি বোটের মালিক বলেন, একমাত্র কলস ও বনি ক্যাম্প যেতে অনুমতি নেওয়ার জন্য সরকারিভাবে পার্কিং ফি, গাইড চার্জ, মাথাপিছু চার্জ নেওয়া হচ্ছে। অন্য জায়গাগুলির ক্ষেত্রে শুধু মাত্র গাইড চার্জ দিতে হচ্ছে বোট মালিকদের।