যোগদিবসের বোট ভাড়া  ৪ মাসেও মেটানো হয়নি
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জুন মাসে যোগ দিবসের জন্য প্রায় ৪৫০ লঞ্চ ও বোট ভাড়ায় নিয়ে যাওয়া হয়েছিল বাবুঘাটে। প্রতিটি বোটের ভাড়া ধরা হয় ৩১০০ টাকা। অভিযোগ, চারমাস শেষ হতে চলল,  বোট মালিকরা সেই টাকা এখনো পাননি। ব্লক প্রশাসনের কাছে এনিয়ে বারবার দরবার করা হলেও কোনো সুরাহা মেলেনি বলে জানান তাঁরা। এমনিতেই এই অনুষ্ঠানে প্রায় চার কোটি টাকার তেল খরচ করে এই বোট নিয়ে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তার উপর এবার বোট ভাড়ার টাকা না মেটানোয় কিছুটা অসন্তুষ্ট বিভিন্ন বোটের মালিক। 

Advertisement

ডিজেল ও খাওয়াদাওয়ার টাকা সবাইকে দেওয়া হলেও এখনো বকেয়া রয়েছে এই ভাড়ার টাকা। সব মিলিয়ে ১০ লক্ষ টাকার বেশি বকেয়া রয়েছে। সুন্দরবন টুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রসুল সর্দার বলেন, আমরা বারেবারে যাচ্ছি ব্লক প্রশাসনের কাছে। ওরা বলছে, ‘আমাদের কাছে টাকা নামলেই পেমেন্ট হয়ে যাবে।’ ওদের উপর আমাদের ভরসা রয়েছে। দেখা যাক, কতদিনে টাকা পাই। তবে শুধু এই টাকা নয়, নির্বাচনের সময়ও অনেক বোট ভাড়া নেওয়া হয়েছিল। সেই টাকাও আমরা পাইনি। এদিকে, এনিয়ে অবশ্য সরকারিভাবে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর বলেন, এই ব্যাপারে আমার কিছু জানা নেই। সংশ্লিষ্ট দপ্তর বা যাদের মাধ্যমে ওঁরা গিয়েছিলেন তাঁদের সঙ্গে যোগাযোগ করুন বোট মালিকরা।