


নয়াদিল্লি: শুক্রবার মথুরায় নৌকাডুবির ঘটনায় আরও দেহ উদ্ধার। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। উদ্ধারকারী দলের প্রধান ভূদেব প্রসাদ জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে দেবরাহা বাবা ঘাটের কাছে মানিক ট্যান্ডন নামে এক যাত্রীর দেহ উদ্ধার করা হয়। তিনি লুধিয়ানার বাসিন্দা। রাত পর্যন্ত চারজন নিখোঁজ। লাগাতার তল্লাশি চলছে। এই ঘটনায় বোটচালক পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বোটের কোনও যাত্রীকেই তিনি নিয়মমাফিক লাইফ জ্যাকেট দেননি। এমনকি যাত্রীরা বার বার আস্তে চালানোর কথা বললেও তিনি সেকথা শোনেননি। অবশেষে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ভাসমান পন্টুন ব্রিজের ড্রামে ধাক্কা লেগে বোটটি উল্টে যায়। নৌকাডুবিরর কারণ হিসাবে প্রাথমিকভাবে পুলিশ ব্রিজে ধাক্কা লাগার বিষয়টি উল্লেখও করেছে। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো শনিবার ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, নৌকায় ভরতি পুণ্যার্থীরা ‘রাধে রাধে’ মন্ত্র উচ্চারণ করছেন। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, যাত্রীদের কারও গায়েই লাইফ জ্যাকেট নেই।
জানা যাচ্ছে, ১৩২ জনের পর্যটকদের দল পাঞ্জাবের লুধিয়ানা ও মুক্তসার জেলা থেকে মথুরা-বৃন্দাবন ঘুরতে এসেছিলেন। সেই গ্রুপেরই সদস্যরা দুটি নৌকা করে শুক্রবার বিকেলে যমুনা সফরে বেরোন। এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার আগে প্রবল ঝড় শুরু হয়। বোটের গতিও অনেক বেশি ছিল। শেষমেশ টাল সামলাতে না পেরে বোটচালক পন্টুন ব্রিজে ধাক্কা মারে। তারপরই নৌকা উল্টে যায়।