মুম্বই: হার্দিক পান্ডিয়া যোগ দিচ্ছেন পাঞ্জাব কিংসে। পরিবর্তে মুম্বই পাচ্ছে অর্শদীপ সিংকে। এই খবর আগেই প্রকাশিত হয়েছিল। তবে এই ‘ট্রেডে’ মঙ্গলবার শিলমোহর দিল বিসিসিআই। বাঁ-হাতি পেসার অর্শদীপ মুম্বইয়ে যোগ দিচ্ছেন ১৮ কোটিতে। তিনি নতুন বলে যশপ্রীত বুমরাহর সঙ্গে শুরু করবেন। গত কয়েক বছর ধরে প্রত্যাশিত সাফল্য পাচ্ছিল না নীতা আম্বানির দল। তাই দলের খোলনলচে বদলে ফেলার চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছিল আগেই। সেই মতো প্রথমে সাপোর্ট স্টাফে ব্যাপক পরিবর্তন ঘটে। তখনই বোঝা গিয়েছিল, মুম্বইয়ের অধিনায়ক হার্দিকের বিদায় শুধু সময়ের অপেক্ষা। গত দু’বছরে আইপিএলে তারকা অলরাউন্ডারের পারফরম্যান্সও আশানুরূপ ছিল না। তবুও কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলি হার্দিককে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত বাজিমাত করল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারের নেতৃত্বে খেলবেন হার্দিক। তবে মুম্বইয়ে তিনি পেতেন ১৬.৫ কোটি। তার থেকে বেশ কিছুটা কমে অর্থাৎ ১৫ কোটিতে নতুন দলে নাম লেখালেন হার্দিক। অর্থাৎ, এই ‘ট্রেড’ তাঁর পক্ষে মোটেই লাভজনক হচ্ছে না। যদিও বলা হচ্ছে, আইপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে মূল্যবান ‘ট্রেড’।



