Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্যাপীড়িতের নাম নেই, বাংলার বাড়ির তালিকায় কর্মাধ্যক্ষের স্বামী

বন্যাপীড়িতের নাম নেই, বাংলার বাড়ির তালিকায় কর্মাধ্যক্ষের স্বামী
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: নানুরের আলিগ্রামে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের তালিকায় নাম এসেছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীর। কিন্তু একই গ্রামের বন্যাপীড়িত পরিবারের নাম ওই তালিকায় নেই। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলেছে। নানুরের বিডিও পুরো বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
Advertisement
কর্মাধ্যক্ষের স্বামী তথা তৃণমূল নেতা প্রণব মণ্ডলের দাবি, তাঁর নিজের নামে কোনও বাড়ি নেই। সেক্ষেত্রে বাড়ি পেতে সমস্যা হতে পারে না।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তারপর রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েছেন উপভোক্তারা। কিন্তু বাড়ি প্রাপকদের তালিকা সামনে আসতেই নানা বিতর্ক দেখা দিয়েছে।
নানুর ব্লকের দাসকলগ্রাম কড়েয়া-১ পঞ্চায়েতের আলিগ্রামের বাসিন্দা প্রণব মণ্ডল। তাঁর স্ত্রী সুষমা মণ্ডল নানুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। প্রণববাবু ২০১৩-’১৮ অবধি সংশ্লিষ্ট পঞ্চায়েতে উপপ্রধানের দায়িত্ব সামলেছেন। আলিগ্রামে তাঁর বাবার নামে পাকা বাড়ি ও জমি রয়েছে। কিছুদিন আগেই প্রণব মণ্ডলের নামে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি এসেছে। কিন্তু একই গ্রামে এক ব্যক্তির বাড়ি বন্যায় ভেঙে গিয়েছে। তা সত্ত্বেও ওই ব্যক্তির নাম বাংলার বাড়ির তালিকায় নেই। বিষয়টি সামনে আসতেই নানুরজুড়ে বিতর্ক দেখা দিয়েছে। স্ত্রী পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ পদে থাকা, পাকা বাড়ি ও জমিজমা থাকলেও কীভাবে তৃণমূল নেতার নাম তালিকায় উঠেছে? এই প্রশ্নই তুলেছেন এলাকার বাসিন্দারা। ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে।
বন্যাপীড়িত পরিবারের সদস্যরা বলেন, বর্ষার সময় আমাদের বাড়ির মধ্যে অনেকদিন ধরে জল জমেছিল। সে কারণে আমরা সবাই স্কুলে আশ্রয় নিয়েছিলাম। পঞ্চায়েত, বিডিও অফিস সহ বিভিন্ন দপ্তরে বাড়ির জন্য আবেদন করেছি। কিন্তু দিচ্ছি, দেব বলা সত্ত্বেও বাড়ি দেওয়া হয়নি।
তৃণমূল নেতা প্রণব মণ্ডল বলেন, আমার নিজের নামে কোনও বাড়ি নেই। তাই আমার সরকারি বাড়ি পাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা থাকা উচিত নয়। আর পুরনো তালিকার ভিত্তিতে সমীক্ষা করে বাড়ি দেওয়া হচ্ছে। যাদের তালিকায় নাম নেই, তাঁদের ফের আবেদন করতে হবে। নানুরের বিডিও সন্দীপ সিংহরায় বলেন, আমাদের কাছে বেশকিছু অভিযোগ এসেছে। সেগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ