Bartaman Logo
১০ জুন, ২০২৬

বঞ্চনার শিকার বাংলা, রিপোর্ট   মোদি সরকারেরই

বঞ্চনার শিকার বাংলা, রিপোর্ট   মোদি সরকারেরই
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বন্যা মোকাবিলায় ঢালাও প্রকল্প দেওয়া হয়েছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে। অসমে ১১১টি। ওড়িশায় ৬৬টি। বিহারে ৪২টি। অথচ পশ্চিমবঙ্গে মাত্র ১৫টি। বন্যা নিয়ন্ত্রণে গৃহীত প্রকল্পের সংখ্যায় বাংলার প্রাপ্তি সেই বঞ্চনাই। জলশক্তি মন্ত্রকের ২০২৩-২৪ আর্থিক বছরের বার্ষিক প্রতিবেদনেই এই বিষয়টি স্পষ্ট হয়েছে। বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে একাদশ এবং দ্বাদশ পরিকল্পনার ভিত্তিতে ওই রাজ্যওয়াড়ি পরিসংখ্যান পেশ করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, বাংলা নদীমাতৃক রাজ্য। ফি বছর বন্যার সম্মুখীন হতে হয় রাজ্যকে। তারপরেও পশ্চিমবঙ্গকে বঞ্চিত রাখায় ফের  সামনে চলে এসেছে মোদি সরকারের দু’মুখো নীতি। 
Advertisement
রিপোর্টে সার্বিকভাবে বলা হয়েছে, দেশের ২৩টি রাজ্যকে মাথায় রেখে একাদশ এবং দ্বাদশ পরিকল্পনায় মোট ৪২৭টি প্রকল্প গৃহীত হয়েছে। এর ফলে বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে সব মিলিয়ে ৫০ লক্ষ ৫৭ হাজার ৪০৭ হেক্টর জমি। উপকৃত মোট ৫ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ১০২ জন মানুষ। অসমের ১১১টি প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৭ লক্ষ ২১ হাজার ১৮ হেক্টর জমিকে রক্ষা করা সম্ভব হয়েছে। উপকৃত হয়েছেন ১ কোটি ৭৭ লক্ষ ১২ হাজার ৪৯৭ জন অসমবাসী। লক্ষ্যণীয় বিষয় হল, প্রকল্প প্রাপ্তির নিরিখে সারা দেশে দ্বিতীয় স্থানে থাকা ওড়িশায় বন্যার হাত থেকে রক্ষাপ্রাপ্ত জমির পরিমাণ বাংলার থেকে সামান্যই বেশি। পড়শি রাজ্যে ৬৬টি প্রকল্পে ১ লক্ষ ৯৩ হাজার ৭৪৯ হেক্টর জমিকে রক্ষা করা গিয়েছে। অথচ মাত্র ১৫টি প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গে রক্ষা পেয়েছে ১ লক্ষ ৩ হাজার ৪১৬ হেক্টর জমি। বাংলায় উপকৃত মানুষের সংখ্যা ২৪ লক্ষ ৯৪ হাজার ২৫০ জন। অথচ ওড়িশায় এই সংখ্যা মাত্র ১১ লক্ষ ৫৪ হাজার ৩০০ জন! বাংলার প্রায় অর্ধেক। সার্বিক বিষয় নিয়ে অবশ্য জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে, এর পিছনে কোনওরকম রাজনীতি নেই। তাছাড়া বন্যা নিয়ন্ত্রণের একাদশ এবং দ্বাদশ পরিকল্পনার সময় দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির মানচিত্রও ভিন্ন ছিল। বন্যা নিয়ন্ত্রণের একাদশ এবং দ্বাদশ পরিকল্পনায় সর্বমোট ৪ হাজার ৮৭৩ কোটি ৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ