সংবাদদাতা, কান্দি: এক যুবককে ইট দিয়ে থেঁতলে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল চোলাই বিক্রেতার বিরুদ্ধে। রবিবার সাত সকালের ওই ঘটনায় বড়ঞা থানার ঝিলেরা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম তাপসকুমার ভল্লা(২৯)। তিনি ঝিলেরা গ্রামের বাসিন্দা। বড়ঞা থানার পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। যদিও পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের মাঝিপাড়ায় বহু বছর ধরেই চোলাই মদ বিক্রি হয়। সেখানে ওই গ্রাম ছাড়াও পাশের গ্রামের অনেকে চোলাই কিনতে যায়। সেইমতো শনিবার সন্ধ্যায় ওই যুবক চোলাই কিনতে ওখানে গিয়েছিলেন বলে দাবি পরিবারের। তারপর আর বাড়ি ফেরেননি। এদিন সকালে ওই পাড়ার একটি মাঠে খড়ের গাদায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, যুবকের নাক, কান ও মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। এমনকী যুবকের ডান চোখেও আঘাতের চিহ্ন রয়েছে।। গলায় কালসিটে দাগও ছিল। মৃতের দিদি অনিতা ভল্লা বলেন, ভাই ওই বাড়িতে চোলাই মদ কিনতে গিয়েছিল।



