Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় সরকারি বালি খাদান পরিদর্শনে ভূমি দপ্তরের কর্মীরা

বড়ঞায় সরকারি বালি খাদান পরিদর্শনে ভূমি দপ্তরের কর্মীরা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: অবৈধ বালি খাদান বন্ধে কড়া পদক্ষেপ নিল বড়ঞা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। বুধবার ওই দপ্তরের কর্মীরা এলাকার বালি খাদানগুলি পরিদর্শন করেন। তাঁরা সরকারি ঘাটগুলিতে স্পেসিফিকেশন বোর্ড ঝোলানোর ব্যবস্থা করেন। এমনকী চেকিং পয়েন্টে পুলিসের সাহায্যে বালির গাড়ি আটকে বৈধ কাগজপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়।
Advertisement
প্রসঙ্গত, সম্প্রতি বড়ঞা ব্লক এলাকার ময়ূরাক্ষী নদীর বিভিন্ন বালি খাদান থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে বলে ‘বর্তমান’ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এলাকায় সরকারি বালি খাদান রয়েছে ১৩টি। কিন্তু, বালি তোলার ক্ষেত্রে নিয়ম না মেনে সংশ্লিষ্ট এলাকার বাইরে থেকে মাফিয়ারা বালি তুলছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
ওই সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে বসে ভূমি সংস্কার দপ্তর। ইতিমধ্যে কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং এলাকার বালি খাদানগুলি পরিদর্শন করেন। এরপর এদিন বড়ঞা ব্লক ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা বিভিন্ন নদীঘাটের বালি খাদানগুলি পরিদর্শন করেন। সরকারিভাবে ১৩টি বালি খাদানের সীমানা চিহ্নিত করার কাজও শুরু করা হয়েছে। নির্দিষ্ট চিহ্নিত এলাকায় লাল কাপড় বেঁধে সীমানা নির্ধারণ করা হচ্ছে।
ওই দপ্তর সূত্রে জানান হয়েছে, এলাকার বাহাদুরপুর, মারুট, কলেশ্বর ও রামনগর গ্রামের কাছে চারটি চেকিং পয়েন্ট রয়েছে। 
এদিন প্রতিটি চেকিং পয়েন্টে পুলিসের সাহায্য নিয়ে বালির গাড়িগুলির কাগজপত্র দেখা হয়। বালির গাড়িগুলি ওভারলোডেড রয়েছে কিনা সেটাও লক্ষ্য করা হয়। যদিও স্থানীয় বাহাদুরপুর গ্রামের এক বাসিন্দা বলেন, পুলিস ও বিএলআরও দপ্তরের কড়াকড়ি দেখে চেকিং পয়েন্টের অনেক আগেই বালির গাড়িগুলি অতিরিক্ত বালি রাস্তার পাশে ফেলে দিচ্ছে। এদিকে বড়ঞা ব্লক এলাকায় যে ১৩টি সরকারি বালি খাদান রয়েছে। এদিন সেগুলির প্রতিটিতে স্পেসিফিকেশন বোর্ড টাঙানোর ব্যবস্থা শুরু করেছেন ওই দপ্তরের কর্মীরা। এদিন সকালে ময়ূরাক্ষী নদীর মড্ডা বালিঘাটে স্পেসিফিকেশন বোর্ড ঝোলানো হয়েছে। তাতে বালি খাদানের সীমানা সহ বিস্তারিত জানানো হয়েছে।
এবিষয়ে বড়ঞা বিএলআরও প্রকৃতি রঞ্জন পড়াই বলেন, এদিন সরকারি বালি খাদানগুলির সীমানা চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রতিটি খাদানে স্পেসিফিকেশন বোর্ড ঝোলানোর ব্যবস্থাও করা হয়েছে। এর ফলে খাদানগুলির বাইরে থেকে বালি চুরি করা সম্ভব হবে না। এর বাইরেও প্রতিটি চেকিং পয়েন্টে পুলিসের সাহায্য নিয়ে বালির গাড়িগুলির বৈধ কাগজপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ