সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার বিকেলে বড়ঞার একটি অনুষ্ঠান বাড়িতে কর্মিসভা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেখানে স্থানীয় নেতৃত্বও হাজির ছিল। প্রতিবারের মতো এদিনও অধীরবাবু কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের প্রতি সুর চড়ান। পাশাপাশি, দিল্লির নির্বাচনের ফলাফল নিয়েও আলোচনা করেন। এদিনের সভায় অধীরবাবু বলেন, বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কোনও তফাৎ নেই। দুই সরকার এখন মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিতে চাইছে। ভোটের আগে এনআরসি নিয়ে ভয় দেখানো হয়। আর ভোট চলে গেলেই সব ধামাচাপা পড়ে যায়। কুম্ভমেলা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। মানুষের সাধারণ সমস্যাগুলির দিকে কারও নজর নেই। দেশে বেকারত্ব বেড়েই চলেছে। শিল্প নেই। চাকরি নেই। মাথার উপর ঋণের বোঝা চাপছে। সেসবের দিকে কোনও সরকারেরই ভ্রুক্ষেপ নেই।



