সংবাদদাতা, বহরমপুর: বড়ঞা থানার কুমড়াই এলাকায় লরির ধাক্কায় সাইকেল আরোহী এক বৃদ্ধের মৃত্যু হয়। মৃতের নাম শেখ নুরমান(৬৬)। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কান্দি-সাঁইথিয়া ১১নম্বর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওইদিন বিকেলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ঘাতক গাড়িটি আটক করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন দু’বেলা সাইকেল নিয়ে কুলি চৌরাস্তা বাজারে চা খেতে যেতেন নুরমান সাহেব। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে পাকা রাস্তায় উঠতেই পিছন থেকে সাঁইথিয়াগামী একটি লরি তাঁকে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর জখম হন। মাথায় গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে আনেন। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃতের ভাইপো ডালিম শেখ বলেন, রোজ সকাল ও বিকেলে কুলি বাজারে কাকা চা খেতে যেতেন। সমবয়সিদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরতেন। মঙ্গলবার সকালে সেখানে যাওয়ার পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।



