সংবাদদাতা, কান্দি: বড়ঞায় ময়ূরাক্ষী নদীর তালবোনা বালি খাদানে সীমানা বাড়িয়ে বালি তোলার অভিযোগ উঠল লিজ হোল্ডারের বিরুদ্ধে। এনিয়ে সোমবার প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, ময়ূরাক্ষী নদীর বড়ঞা ব্লক এলাকায় ১৩টি বালি খাদান রয়েছে। এরমধ্যে তালবোনা বালি খাদানের সীমানা নির্ধারণ করা হলেও লিজ হোল্ডার সেসব মানছেন না। সীমানা বাড়িয়ে বালি তোলা হচ্ছে। এমনকী, বাঁধের কাছাকাছি এলাকা থেকেও বালি তোলা হচ্ছে। ফলে বাঁধের অংশ দুর্বল হয়ে পড়ছে। অভিযোগকারী বরকত শেখ বলেন, বালি খাদানে কোনও সরকারি নিয়ম মানা হচ্ছে না। সরকারিভাবে সীমানা নির্ধারণ করা হলেও সেসব অমান্য করে বালি তোলা হচ্ছে। প্রশাসনের কাছে মৌখিকভাবে জানিয়ে কোনও কাজ না হওয়ায় এদিন লিখিত অভিযোগ করা হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে সরকারি নিয়মেই বালি তোলা হচ্ছে বলে জানিয়েছেন লিজ হোল্ডার আয়নাল হক।



