Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় গোরু ভর্তি কন্টেনার উল্টে মৃত্যু শ্রমিকের

বড়ঞায় গোরু ভর্তি কন্টেনার উল্টে মৃত্যু শ্রমিকের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: রবিবার ভোরে বড়ঞায় গোরু ভর্তি কন্টেনার উল্টে যাওয়ার ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বাসিন খোলাইচি(৪০)। তাঁর বাড়ি বিহারের কলপা থানার কাজিবুরতালিতে। রবিবার রাতে কন্টেনার সরানো হলে দেহটি উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, দেহটি কন্টেনারের তলায় জল কাদায় চাপা পড়ে গিয়েছিল। সেটি সরালে দেহ উদ্ধার হয়।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়কের তারাপুর গ্রামের কাছে গোরুবোঝাই কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা কন্টেনারের ভিতর থেকে গোরুগুলি উদ্ধার করে। ওই কন্টেনারে ৩০টির বেশি গোরু ছিল বলে বাসিন্দাদের একাংশের দাবি। এরপর পুলিস ঘটনাস্থল থেকে চালক সহ চারজনকে উদ্ধার করে। কিন্তু, আরও একজন নিখোঁজ ছিলেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ওইদিন রাত ৯টা নাগাদ কন্টেনারটি ক্রেন দিয়ে টেনে তোলা হয়। কন্টেনার তোলার পরেই দেখা যায় জল কাদায় মুখ গুঁজে এক ব্যক্তি পড়ে রয়েছে। পরে পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস জানিয়েছে, কন্টেনারটি বিহার থেকে গোরু ভর্তি করে নিয়ে যাচ্ছিল। ওই গোরুর বৈধ কাগজ সোমবার পর্যন্ত দেখাতে পারেনি কন্টেনারে থাকা লোকজন। পুলিস উদ্ধার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ