সংবাদদাতা, কান্দি: বুধবার সাত সকালে বড়ঞা থানার কয়থা গ্রামের কাছে ডাম্পারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রানা হালদার(৩২)। বাড়ি কান্দির উগ্রভাটপাড়া গ্রামে। বাইক ও ডাম্পারটি আটক করা হয়েছে। তবে ডাম্পারের চালক পলাতক। মৃতের কাকা অরবিন্দ হালদার বলেন, ভাইপো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় একটি বেসরকারি ফিন্যান্স কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করত। শনিবার সেখান থেকে ও ছুটি নিয়ে বাড়ি এসেছিল। এদিন কাজে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়কে কয়থা গ্রামের একটি কালভার্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাইক চালক ফুটিসাঁকো গ্রামের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির ডাম্পারটি কুলির দিকে আসছিল। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিস দেহ উদ্ধার করে।



